চেলসিতে আসপিলিকুয়েতাকে নিয়ে অনিশ্চয়তা কাটল
আসপিলিকুয়েতার চুক্তির মেয়াদ বাড়ানো লন্ডনের দলটির জন্য বড় স্বস্তির।
আন্টোনিও রুডিগার ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন আগেই চলে গেছেন। মাঝে সেনানী সেসার আসপিলিকুয়েতাকে হারানোর শঙ্কাও জাগে চেলসি শিবিরে। আপাতত সেই দুর্ভাবনা অবশ্য কেটে গেছে। স্ট্যামফোর্ড ব্রিজেই থাকতে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন স্প্যানিশ এই ডিফেন্ডার।
প্রিমিয়ার লিগের ক্লাবটি বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।
আসপিলিকুয়েতার বার্সেলোনায় পাড়ি দেওয়ার গুঞ্জন চলছিল বেশ জোরেশোরে। কিছুদিন আগে এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন দলটির কোচ টমাস টুখেল।
এদিকে, গত মৌসুম শেষ হতেই রিয়াল মাদ্রিদে পাড়ি জমান নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক জার্মানির রুডিগার। পরে আরেক সেন্টার-ব্যাক ডেনমার্কের ক্রিস্টেনসেনকে দলে টানে বার্সেলোনা। দলের প্রয়োজনের রাইট-ব্যাক ও সেন্টার-ব্যাকে খেলতে পারদর্শী আসপিলিকুয়েতাকেও হারালে বড় বিপদেই পড়ে যেত চেলসি।
গত ১০ মৌসুম স্ট্যামফোর্ড ব্রিজে কাটানো আসপিলিকুয়েতা এর আগে ২০১৮ সালে শেষবার চুক্তির মেয়াদ বাড়ান। চার বছরের সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এ বছরই।
২০১২ সালে মার্সেই থেকে চেলসিতে যোগ দেওয়া আসপিলিকুয়েতা নতুন চুক্তি করতে পেরে খুশি।
“চেলসি আমার বাড়ি, এখানে চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমি সত্যিই খুশি। এখানে আসা এবং ক্লাবে যোগ দেওয়ার প্রায় ১০ বছর হয়ে গেল। এখানে আমি সত্যিকারের ভালোবাসা অনুভব করি এবং আমাদের নতুন পরিকল্পনা নিয়ে আমি রোমাঞ্চিত।”
