২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বছরের চুক্তিতে গালাতাসারাইয়ে ইকার্দি

আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য পিএসজিকে চার মৌসুমে ১ কোটি ইউরো দেবে তুর্কি সুপার লিগ চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 03:43 PM

Updated : 31 Jul 2023, 03:47 PM

গালাতাসারাইয়ে এক মৌসুমে ধারে খেলার পর এবার স্থায়ীভাবে ক্লাবটিতে যোগ দিলেন মাউরো ইকার্দি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে তিন বছরের চুক্তিতে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তুর্কি সুপার লিগের চ্যাম্পিয়নরা।

ইকার্দির যোগ দেওয়ার খবরটি রোববার বিবৃতি দিয়ে জানিয়েছে গালাতাসারাই।

ইকার্দির ট্রান্সফার ফি এক কোটি ইউরো। তবে এই অর্থ চার মৌসুম ধরে শোধ করবে গালাতাসারাই। আর প্রতি মৌসুমে ৩০ বছর বয়সী খেলোয়াড়ের বেতন পাবেন ৬০ লাখ ইউরো।

সবশেষ মৌসুমে ধারে গালাতাসারাইয়ে খেলে দলটির ২৩ তুর্কি সুপার লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইকার্দি। ২০১৮-১৯ মৌসুমের পর ক্লাবটির যা প্রথম শিরোপা। আসরে ২৪ ম্যাচে ২২টি গোল করেন তিনি, অ্যাসিস্ট করেন ৭টি।