৪ ম্যাচে ৩ হারের পর অজুহাত খুঁজছেন না আর্সেনাল কোচ
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ৪৯ ম্যাচে যেখানে আর্সেনালের পরাজয় ছিল তিনটি, সেখানে সবশেষ চার ম্যাচের মধ্যেই তিনটিতে হেরেছে তারা।
মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে হুট করেই ছন্দ হারিয়ে ফেলেছে আর্সেনাল। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ৪৯ ম্যাচে যেখানে তাদের পরাজয় ছিল তিনটি, সেখানে সবশেষ চার ম্যাচের মধ্যেই তিনটিতে হেরে গেছে তারা। ব্যর্থতা মেনে নিয়ে কোচ মিকেল আর্তেতা বলছেন, দলের বিবর্ণ পারফরম্যান্সের পেছনে কোনো অজুহাত দাঁড় করাতে চান না তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলে হারে আর্সেনাল।
এই ম্যাচ জিতে লিগ টেবিলে ১২ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও কাজে লাগাতে পারল না তারা। ব্যবধান কমানোর সুযোগ পেল ম্যানচেস্টার সিটি।
৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্তেতার দল। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিটি।
লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে হারের হতাশা নিয়ে সবশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে গিয়েছিল আর্সেনাল, এরপর মাঠে ফেরার ম্যাচে দ্বিতীয় স্তরের দল সাউথ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলে হেরে এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় তারা।
গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে স্পোর্তিংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে কোনোমতে ১-০ ব্যবধানে জিততে পারলেও, পরের ম্যাচে আবার তেতো স্বাদ পেতে হলো তাদের।
বোর্নমাউথ ম্যাচের পর আর্তেতাকে জিজ্ঞেস করা হয়, গত কয়েক সপ্তাহে দলের পারফরম্যান্সে ক্লান্তি কোনো প্রভাব ফেলেছে কি না। তখন অজুহাত না খোঁজার কথা বলেন এই স্প্যানিশ কোচ।
“আমি কোনো অজুহাত নিয়ে কথা বলতে চাই না। এটাই প্রেক্ষাপট, এটাই পরিস্থিতি। আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। উপভোগের সেই মাত্রাটা আমি দেখিনি।”
ম্যাচটি শুরু হয় স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায়। এমিরেটস স্টেডিয়ামে উজ্জীবিত পরিবেশ তৈরি করতে আগের দিন সমর্থকদের প্রতি বার্তা দিয়েছিলেন আর্তেতা। সমর্থকরা সেটা করেও, কিন্তু খেলোয়াড়রা উপহার দেন বিবর্ণ ফুটবল। শেষ বাঁশি বাজার পর স্টেডিয়ামে দর্শকদের তীব্র দুয়োধ্বনি শোনা যায়।
দলের পারফরম্যান্স নিয়ে হতাশা লুকালেন না আর্সেনাল কোচ।
“খুবই হতাশাজনক। আমরা যে মানের খেলা আশা করছিলাম, তার ধারেকাছেও ছিলাম না, এটা নিশ্চিত।”
