২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের সঙ্গে ২০৩০ পর্যন্ত থাকবেন আনচেলত্তি, খবর গণমাধ্যমের

স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ইতালিয়ান কোচের সঙ্গে শিগগির নতুন চুক্তি করবে ব্রাজিল।

ব্রাজিলের সঙ্গে ২০৩০ পর্যন্ত থাকবেন আনচেলত্তি, খবর গণমাধ্যমের
ব্রাজিল দলের অনুশীলনে কার্লো আনচেলত্তি। ফাইল ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 05:44 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

অভিজ্ঞ কার্লো আনচেলত্তির কাজে খুব খুশি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ক্লাব ফুটবলে অসাধারণ সব অর্জন আর সাফল্যে পূর্ণ ইতালিয়ান কোচকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলে রেখে দিতে চায় তারা।

ইউরোপের সফলতম ক্লাব রেয়াল মাদ্রিদ ছেড়ে গত মে মাসে ব্রাজিলের কোচ হিসেবে যোগ দেন আনচেলত্তি। আপাতত আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি সিবিএফের।

স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএস এক প্রতিবেদনে বলেছে, আনচেলত্তির সঙ্গে শিগগির নতুন চুক্তি করতে যাচ্ছে সিবিএফ। যার মেয়াদ হবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হিসেবে কঠিন কিছু সিদ্ধান্ত এরই মধ্যে নিয়েছেন আনচেলত্তি। দলে ফেরাচ্ছেন না নেইমারকে। ব্রাজিলে সাবেক বার্সেলোনা তারকার প্রভাব ফুটবল ছাড়িয়ে আরও উঁচুতে। কিন্তু সম্পূর্ণ ফিট না হলে জাতীয় দলে তার জন্য দরজা বন্ধই রাখার কথা বলেছেন ৬৬ বছর বয়সী কোচ। 

রেয়াল, এসি মিলান, ইউভেন্তুস, পিএসজি, বায়ার্ন মিউনিখের সাবেক কোচ আনচেলত্তির কোচিংয়ে এখনও ব্রাজিলের সেরাটা দেখা যায়নি। তবে খেলায় উন্নতির ছাপ স্পষ্ট। তিনিই যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচিং করানোর জন্য সঠিক ব্যক্তি, এ নিয়ে কোনো সন্দেহ নেই সিবিএফের।