‘খেলোয়াড় হওয়ার জন্য ছোটবেলায় কিছুই করিনি’
নিজের সহজাত প্রতিভা নিয়ে বললেন আর্জেন্টাইন মহাতারকা মেসি।
ফুটবলের সঙ্গে লিওনেল মেসির সখ্য ছোটবেলা থেকেই। সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন বিশ্বের সেরা ফুটবলারদের একজন, হয়তো ইতিহাসেরও সেরা। অসংখ্য রেকর্ড আর কীর্তিতে রাঙিয়েছেন বর্নাঢ্য ক্যারিয়ার। সহজাত প্রতিভার আর্জেন্টাইন মহাতারকা ক্যারিয়ারের গোধূলি বেলায় বললেন, ছোটবেলায় স্রেফ ভালোলাগা থেকেই ফুটবলটা তিনি খেলতেন, খেলোয়াড় হয়ে ওঠার জন্য কিছুই করেননি তখন।
ফুটবলে মেসির গল্পের শুরু আর্জেন্টিনার রোজারিওর রাস্তায়। তাকে বড়দের দলে নিতে স্থানীয় একজন কোচকে রাজি করিয়েছিলেন তার দাদী। হরমোনজনিত সমস্যায় ভোগা ছেলেটিকে ১৩ বছর বয়সে চুক্তিবদ্ধ করে বার্সেলোনা। তারপর তো তার গল্পটা ফুটবলের রূপকথা।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকার ৩৭তম জন্মদিন সোমবার। বর্তমানে জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে যুক্তরাষ্ট্রে আছেন মেসি। সেখানেই স্বদেশের সাংবাদিক হুয়ান পাবলোকে দেওয়া সাক্ষাৎকারে রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী ফিরে তাকান ছোটবেলায়।
“সবাই বলে, খুব অল্প বয়স থেকেই আমি সবসময় আলাদা ছিলাম। লোকেরা আমাকে দেখতে যেত। তখন আমি বিষয়টি বুঝতে পারিনি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে শুরু করি। আমার বয়স যখন ৩ বা ৪ বছর, আমি বিশ্বকাপ সম্পর্কে কিছুই বুঝতাম না। আমি শুধু খেলতাম, কারণ আমি ফুটবল পছন্দ করতাম, এটা ছিল আমার শখ। অনেক আর্জেন্টাইনের মতোই ফুটবল পছন্দ করতাম। যখন পেশাদার হয়ে উঠলাম, তখন নিজের জন্য লক্ষ্য ঠিক করলাম। শুরু থেকেই সবসময় আমি উপভোগের চেষ্টা করেছি।”
“নিজের কাছে আমি খুব পরিষ্কার যে, এইভাবে জন্মগ্রহণ করেছি, কারণ ঈশ্বর এভাবেই চেয়েছেন, এটি ছিল আমাকে দেওয়া তার একটি উপহার। আমি তা কাজে লাগানোর চেষ্টা করেছি, এর থেকে সেরাটা পাওয়ার জন্য সম্ভাব্য সবকিছু করেছি। সত্যটি হলো আমি অনেক কিছু করেছি, তবে খেলোয়াড় হওয়ার জন্য ছোটবেলায় কিছুই করিনি।”
