২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারত ১১ গোল দিয়েছে, আমাদের চেষ্টা থাকবে আরও বেশি দেওয়ার’

মালদ্বীপের বিপক্ষে ম্যাচেই পরের প্রতিপক্ষ ভারতকে ‘বার্তা’ দেওয়ার লক্ষ্য শাহেদা আক্তার রিপার।

‘ভারত ১১ গোল দিয়েছে, আমাদের চেষ্টা থাকবে আরও বেশি দেওয়ার’
বাংলাদেশ জাতীয় নারী দলের ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা। ছবি: বাফুফে

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

গোয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 04:19 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

ভারত-মালদ্বীপ ম্যাচের পর ‘গোল ব্যবধান’ নিয়েই এখন যত আলোচনা! মালদ্বীপকে ১১ গোল দিয়েছে ভারত। বাংলাদেশ দিবে কয়টা? এই প্রশ্নের উত্তর আপাতত সময়ের হাতে তোলা থাকছে। তবে, শাহেদা আক্তার রিপা আত্মবিশ্বাসী উচ্চারণে বললেন, ভারতের চেয়ে বেশি গোল তারা করতে চান মালদ্বীপের জালে।

এই চাওয়া পূরণের লড়াইয়ে আগামী বৃহস্পতিবার গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনও শুরু হবে তাদের।

‘এ’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী দল নেপাল। ভুটানকে ১-০ গোলে হারিয়ে আসরে যাত্রা শুরু করেছে তারা। অপ্রত্যাশিত কিছু না ঘটলে গ্রুপ সেরা হবে নেপালই। ‘বি’ গ্রুপের সেরা হওয়ার লড়াইটা চলবে মূলত ভারত ও বাংলাদেশের মধ্যে। মালদ্বীপকে উড়িয়ে নিজেদের কাজটুকু এগিয়ে নিয়েছে ভারত। এবার পালা বাংলাদেশের।

মালদ্বীপ ম্যাচ সামনে রেখে মঙ্গলবার গোয়ার ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। মাঠের অবস্থা বাজে হলেও, পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে ঘণ্টা দেড়েক ঘাম ঝরিয়েছে মেয়েরা। এরপর দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে আসেন রিপা। ‘গোল ব্যবধান’ নিয়েই প্রথম প্রশ্নের মুখে পড়লেন তিনি। ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডও উত্তর দিলেন প্রত্যয়ের সুরে।

“আসলে সব দলই হচ্ছে চ্যালেঞ্জিং। তো আমাদের চেষ্টা থাকবে, ভারত যেহেতু গোল দিছে (মালদ্বীপকে ১১টি), আমাদেরও চেষ্টা থাকবে ওদের থেকে বেশি দেওয়ার। তো ইনশাল্লাহ ২৮ তারিখের ম্যাচে আমাদের ভালো কিছু হবে।”

“অবশ্যই সবারই চেষ্টা থাকে ভালো করার। যখন বিপক্ষ দল (ভারত) যেহেতু খেলে ফেলছে ওদের প্রথম ম্যাচ, ওরা যেহেতু ১১ গোল দিয়েছে, তো আমাদেরও চেষ্টা থাকবে যে ভালো কিছু করার এবং যেহেতু ওরা ১১ গোল দিছে, আমাদের চেষ্টা থাকবে, ওদের থেকে বেশি দেওয়ার।”

সাফের গত সাত আসরে ফাইনালে উঠেছে কেবল ভারত, নেপাল ও বাংলাদেশ। এবারও শিরোপা লড়াই এই তিন দলের মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি। রিপাও তাই মনে করেন। তবে, নিজেদের প্রতিও তার আস্থার কমতি নেই একবিন্দু।

“হ্যাঁ, অবশ্যই নেপাল আর ভারত চ্যালেঞ্জিং (প্রতিপক্ষ) আমাদের জন্য। আমরা যেহেতু থাইল্যান্ডে ১৫ দিনের মতো ক্যাম্প করে আসছি, এটা আমাদের জন্য একটা এডভান্টেজ। এখানেও আমরা অনেক আগেই এসেছি (কন্ডিশনের সাথে মানিয়ে নিতে), তো ইনশাল্লাহ আমাদের ম্যাচ ভালো হবে। আমাদের ভালো ফরোয়ার্ড লাইন আছে, কোচ যেভাবে আমাদের কৌশল শিখিয়েছে, আমরা ওইভাবে চেষ্টা করব (খেলার)।

বর্তমান দলে শিউলি, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দাদের মতো অনেকের সামনে হাতছানি সাফের হ্যাটট্রিক শিরোপার স্বাদ নেওয়ার। রিপা গত আসরে পেয়েছেন প্রথমবার। দ্বিতীয়বার এই স্বাদ নিতে মুখিয়ে তিনি।

“সবার একটাই লক্ষ্য, এবারের শিরোপাটা নিয়ে দেশে যাওয়া। কারণ হচ্ছে, এবার জিতলে আমাদের তৃতীয়বার শিরোপা উদযাপন হবে... অনেকেরই হবে প্রথমবার, তো আমার হবে দ্বিতীয়বার। আবার অনেকেরই তৃতীয় শিরোপা জেতা হবে। তাই সবাই রোমাঞ্চিত।”

রিপার কাছে সবশেষ প্রশ্নেও ফিরে এলো সেই গোল ব্যবধানের প্রসঙ্গ! এবার তিনি আরও আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, মালদ্বীপ ম্যাচ দিয়ে ভারতকে বার্তা দিতে চান তারা।

“অবশ্যই, আমাদের চেষ্টা থাকবে (মালদ্বীপ ম্যাচ দিয়ে ভারতকে বার্তা দেওয়ার)। এখন আল্লাহ যদি সহায় হন তাহলে, ইনশাল্লাহ।”

প্রস্তুতিতে প্রাণবন্ত বাংলাদেশের লক্ষ্য ভারতকে বার্তা দেওয়া

গোয়ায় প্রস্তুতির মাঠ নিয়ে উষ্মা বাংলাদেশের