গোয়ায় প্রস্তুতির মাঠ নিয়ে উষ্মা বাংলাদেশের
টিম হোটেল থেকে ২৫ কিলোমিটার পাড়ি দিয়ে অনুশীলন মাঠে যাওয়া নিয়েও হতাশ বাংলাদেশ দল।
ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে যাওয়ার পথের দৃশ্যটা যতটা নয়নাভিরাম, মাঠের অবস্থা ততটাই বেহাল! টিম হোটেল থেকে এ মাঠের দুরত্বও অনেক, ২৫ কিলোমিটার। এতটা পথ পাড়ি দিয়ে স্টেডিয়ামে গিয়ে পিচের অবস্থা দেখে চোখ কপালে উঠল বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলারের। বৃষ্টি ভেজা ভারি ও পিচ্ছিল মাঠ। কোথাও কোথাও জমেছে পানি। মাঠের চারপাশের ট্র্যাকে অনুশীলন করছে অনেকে। মাঠের ভেতরে ঘুরতে দেখা গেল কুকুরেরও! এ মাঠেই মঙ্গলবার প্রস্তুতি নিতে হলো ঋতুপর্ণা-মারিয়াদের।
প্রস্তুতি ছিল সকাল ৭টায়। স্টেডিয়ামে দল পৌঁছাল একটু দেরিতে। ড্রেসিং রুমের গুমোট পরিবেশ দেখে আফঈদা-রিপাদের অনেকে ঢুকলেনই না! যারা ঢুকেছিলেন, নাক সিঁটকে বেরিয়েও এলেন দ্রুত। বাধ্য হয়ে রুমের বাইরে বসেই মেয়েরা জার্সি, কেডস পরলেন। ততক্ষণে বাটলার তার সহকারীদের নিয়ে অনুশীলনের কৌশল সাজাতে মাঠে ঢুকে পড়েছেন, কিন্তু মাঠের দশা দেখে তার চোখে-মুখে ফুটে উঠল উষ্মা। মাঠ নিয়ে প্রশ্ন করলে অবশ্য সরাসরি কোনো ক্ষোভ প্রকাশ করলেন না এই ইংলিশ কোচ। ক্ষোভ-বিরক্তির মিশেলে শুধু বললেন, ‘নো কমেন্টস’।
প্রচণ্ড গরমে ঘণ্টা দেড়েকের প্রস্তুতি সেরে ঘেমে-নেয়ে শিউলি আজিম যখন কথা বলতে এলেন, তিনিও খুব বেশি কিছু বললেন না। তবে থাইল্যান্ডের ব্যাংককের এলপাইন ট্রেনিং গ্রাউন্ড আর ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠের মানের যে তফাৎ অনেক, তা স্পষ্ট করে দিলেন অল্প কথাতেই।
“থাইল্যান্ডে আমরা যে আবহাওয়ায় অনুশীলন করেছিলাম, এখানেও একইরকম। ভালোই হয়েছে আমাদের এই কয় দিনের অনুশীলন। আর থাইল্যান্ড আর ভারতের (প্রস্তুতির মাঠের পার্থক্য)? থাইল্যান্ডের ফ্যাসিলিটি একটু ভালো ছিল বেশি, এখানকার মাঠ একটু ওটার চাইতে খারাপ। তবে ঠিকাছে, আমরা মানিয়ে নিচ্ছি।”
প্রতিকূল পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েই মালদ্বীপের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে ভাবছে বাংলাদেশ। ভারতের পর প্রথম দল হিসেবে দক্ষিণ এশিয়ার নারীদের ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট টানা তৃতীয়বার জয়ের হাতছানি দলের সামনে।
গত দুই আসরে চ্যাম্পিয়ন দলের রক্ষণের নির্ভরতা ছিলেন শিউলি। তবে অতীত সাফল্য নিয়ে পড়ে থাকতে চান না অভিজ্ঞ এই ডিফেন্ডার।
“দেখুন, ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না। আমরা আগে কী ছিলাম, ওটা আমাদের ভুলে যেতে হবে। আর এই টুর্নামেন্টের যদি একদম বাস্তবতা বলি, তাহলে হট ফেভারিট নেপাল, ভারত দুই দলই। আমরা নিজেদেরকেও হট ফেভারিট ধরছি না। কিন্তু আমরা চেষ্টা করব শিরোপা ধরে রাখার এবং এজন্য যা যা করা দরকার, আমরা করব।”
মালদ্বীপকে ১১-০ গোলে হারিয়ে ভারত গ্রুপ পর্ব শুরু করেছে। স্কোরলাইনই দেখাচ্ছে ভারতের আক্রমণভাগের শক্তি। গ্রুপ পর্বে তাদের বিপক্ষে বাংলাদেশ খেলবে আগামী রোববার। শিউলি তাই মালদ্বীপ ম্যাচ নিয়েই ভাবছেন বেশি।
“ভারত এবার অবশ্যই ভালো দল এবং অনেক গোছানো। তারা তাদের প্রথম ম্যাচ শেষ করেছে ভালোভাবে এবং আমাদের চেষ্টা যেটা থাকবে, আমাদের প্রথম ম্যাচ ভালোভাবে শেষ করার।”
