১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সরাসরি সেটে জিতে ফাইনালে সাবালেঙ্কার সামনে রিবাকিনা

রুশ তারকা এলেনা রিবাকিনার সামনে এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ, সাবালেঙ্কার সামনে শিরোপা পুনরুদ্ধারের হাতছানি।

সরাসরি সেটে জিতে ফাইনালে সাবালেঙ্কার সামনে রিবাকিনা
শিরোপা লড়াইয়ে মুখোমুখি এলেনা রিবাকিনা (বাঁয়ে) ও আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 04:58 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা সেমি-ফাইনালেও ধরে রাখলেন এলেনা রিবাকিনা। দ্বিতীয় সেটে দুর্দান্ত লড়াই হলো, তবে প্রতিপক্ষকে আটকাতে পারলেন না যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা। সরাসরি সেটে জিতেই ফাইনালে উঠলেন রিবাকিনা।

মেলবোর্ন পার্কে বৃহস্পতিবার পাঁচ ও ছয় নম্বর বাছাইয়ের মধ্যকার শেষ চারের ম্যাচটি এক ঘণ্টা ৪০ মিনিট স্থায়ী হয়। রড লেভার অ্যারেনায় ৬-৩, ৭-৬ (৯-৭) গেমে জয় নিশ্চিত করেন রিবাকিনা।

টুর্নামেন্টের প্রথম সেট থেকে সেমি-ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচই সরাসরি সেটে জিতলেন ২৬ বছর বয়সী রিবাকিনা। 

ফাইনালে তিনি লড়বেন নারী এককের র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কার বিপক্ষে। ২০২৩ সালে বেলারুশের এই তারকার বিপক্ষেই ফাইনালে হেরেছিলেন রিবাকিনা।

ক্যারিয়ারে এখন পর্যন্ত একটি গ্র্যান্ড স্ল্যাম জিততে পেরেছেন রিবাকিনা, ২০২২ সালের উইম্বলডন।

২৭ বছর বয়সী সাবালেঙ্কাও অসাধারণ ফর্মে আছেন। তিনিও আসরে এখন পর্যন্ত কোনো সেটে হারেননি। একই কোর্টে প্রথম সেমি-ফাইনালে তিনি এক ঘণ্টা ১৬ মিনিটেই এলিসা স্ভিতোলিনাকে উড়িয়ে দেন।

২০২৩ ও ২০২৪ সালের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা গত বছরও ফাইনালে উঠেছিলেন; কিন্তু ২০২৫ এর শিরোপা লড়াইয়ে তিনি হেরে যান ম্যাডিসন কিসের বিপক্ষে। 

টেনিসের উন্মুক্ত যুগে তৃতীয় নারী খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে টানা চারবার ফাইনালে উঠেছেন সাবালেঙ্কা। আগের দুজন হলেন অস্ট্রেলিয়ার ইভোন গুলাগং কাউলি (১৯৭১-৭৬) ও সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিস (১৯৯৭-২০০২), তারা দুইজনই টানা ছয়বার করে ফাইনাল খেলেছিলেন। 

ক্যারিয়ারে মোট চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবালেঙ্কা শেষটি জিতেছেন গত বছর ইউএস ওপেনে।