'কোচ' চায় যেন সব দোষ আমার ওপর পড়ুক: সালাহ
লিভারপুলের মিশরীয় এই তারকা ফরোয়ার্ড মনে করছেন, ইংলিশ ক্লাবটির চলমায় ব্যর্থতার দায় তার ওপর চাপানো হচ্ছে।
গত মৌসুমেও ছিলেন দলের সর্বোচ্চ গোলদাতা, জিতেছিলেন গোল্ডেন বুট। এবারও শুরুটা খুব খারাপ হয়নি মোহামেদ সালাহর, প্রিমিয়ার লিগে প্রথম চার ম্যাচের দুটিতে পান জালের দেখা। এরপরই সবকিছু খুব দ্রুত বদলে যেতে থাকে। লিভারপুলে গত আট মৌসুমে যে সৌধ গড়ে তুলেছেন তিনি, তা যেন চোখের পলকে ভেঙে পড়েছে।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে মাঠের পারফরম্যান্সে লিভারপুলও ভুগছে ভীষণ। তবে, দলকে ব্যর্থতা ঘিরে ধরলেও শুরুতে সালাহর দিকে আঙুল ওঠেনি। কিন্তু খুব দ্রুত সেটাও বাস্তব হয়ে ধরা দেয়। কয়েক সপ্তাহ ধরেই মিশরের এই স্ট্রাইকারের পারফরম্যান্স নিয়ে সমালোচনা বাড়ছিল। তারপরও শুরুর একাদশে জায়গা ধরে রাখতে পারেন তিনি।
তার রঙিন ক্যারিয়ারে সবচেয়ে বড় ধাক্কাটা হয়তো লাগে গত রোববার; প্রিমিয়ার লিগে গত আসরের সর্বোচ্চ ২৯টিসহ মোট ১৯০টি গোল করা সালাহকে বেঞ্চে রেখে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে একাদশ সাজান লিভারপুল কোচ আর্না স্লট। সেই ধারায় টানা তৃতীয় ম্যাচে, লিডস ইউনাইটেডের বিপক্ষেও বেঞ্চে জায়গা হয় সালাহর।
ওয়েস্ট হ্যাম ম্যাচের মতো শনিবার রাতের ৩-৩ ড্র ম্যাচে খেলার সুযোগই পাননি সালাহ। ম্যাচের পর, জমে থাকা প্রচণ্ড হতাশা আর ক্ষোভে যেন ফেটে পড়েন তিনি। কোনোরকম রাখঢাক না করেই ইঙ্গিত করলেন কোচের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরার দিকে।
“আমার মনে হয়, এখন এটা স্পষ্ট যে, (দলে) কেউ একজন চায় যেন সব দোষ আমার ওপর পড়ুক।”
“আগে আমি অনেকবার বলেছি যে, কোচের সঙ্গে আমার সম্পর্ক ভালো। কিন্তু হঠাৎ করেই আমাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। আমি এর কারণ জানি না। তবে আমার কাছে মনে হচ্ছে যে, কেউ একজন আমাকে ক্লাবে চায় না।”
প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ রাউন্ডে জয়ের পরের ১০ ম্যাচে মাত্র দুটিতে জিততে পেরেছে লিভারপুল; এই ম্যাচগুলোর মধ্যে ছয়টিতেই হেরেছে, বাকি দুটি ড্র। আর এই ব্যর্থতার দায় তাকে দেওয়া হচ্ছে বলে মনে করছেন ক্লাবটির জার্সিতে সব মিলিয়ে ৪২০ ম্যাচে ২৫০টি গোল করা সালাহ।
“মনে হচ্ছে, আমাকে বলির পাঁঠা বানানো হচ্ছে। আমার এরকমই মনে হচ্ছে। মনে হচ্ছে, এখন এটা বেশ পরিষ্কার যে, কেউ একজন চাচ্ছে আমার ওপর সব দোষ পড়ুক।”
“এই ক্লাবকে আমি সবসময় সমর্থন করব। আমার সন্তানরা সবসময় এই ক্লাবকেই সমর্থন দেবে। এই ক্লাবকে আমি খুব ভালোবাসি এবং সবসময় ভালোবাসব। বর্তমান পরিস্থিতি আমি মানতে পারছি না। এটা ঠিক নয়। বিষয়টা আমি আসলে বুঝতেই পারছি না। আমাকে আসলে বলির পাঁঠা বানানো হচ্ছে। আমার মনে হয় না, আসলে আমি কোনো সমস্যা, এই ক্লাবের জন্য আমি অনেক কিছু করেছি।”
লিভারপুলের জার্সিতে একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি প্রিমিয়ার লিগসহ অনেক শিরোপা জিতেছেন সালাহ। কিন্তু ৩৩ বছর বয়সী তারকার ক্যারিয়ারের উজ্জ্বল এই অধ্যায়ে যেন এখন অন্ধকার জেঁকে বসেছে।
