সিটিতে চুক্তির মেয়াদ বাড়ানোয় অনুশোচনা নেই গুয়ার্দিওলার
দুর্দিনে দলকে আরও বিপদে ফেলে ক্লাব ছাড়ার কথা ভাবেননি এবং সামনেও ভাববেন না বলে জানিয়ে দিলেন স্প্যানিশ কোচ।
কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন পেপ গুয়ার্দিওলা। একের পর এক হারে দলের যাচ্ছেতাই অবস্থা। ম্যানচেস্টার সিটির ভোগান্তি ভয়াবহ রূপ নিলেও ইতিহাদ স্টেডিয়ামে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে অবশ্য কোনো আক্ষেপ নেই এই স্প্যানিশ কোচের। দুর্দিনে দলকে আরও বিপদে ফেলে ক্লাব ছাড়ার কথা ভাবেননি এবং সামনেও ভাববেন না বলে জানিয়ে দিলেন তিনি।
গত মাসে সিটির সঙ্গে দুই বছর চুক্তি মেয়াদ বাড়ান গুয়ার্দিওলা। তারপর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচের মাত্র একটিতে জিতেছে গত চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
সিটির পথ হারানোর শুরু অবশ্য গুয়ার্দিওলার নতুন চুক্তির আগে থেকে। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১০ ম্যাচে ওই একটিতেই কেবল জিততে পেরেছে তারা; সাতটিতে হেরেছে ও দুটি ড্র করেছে।
১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলে তারা নেমে গেছে পাঁচ নম্বরে, শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে।
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে তারা নেমে গেছে ২২ নম্বরে। প্রাথমিক পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে দলটিকে। এরই মধ্যে তারা বিদায় নিয়েছে এফএ কাপ থেকে।
গুয়ার্দিওলার সরল স্বীকারোক্তি- দলের বাজে অবস্থা প্রভাব ফেলেছে তার ঘুম ও খাওয়া-দাওয়ার ক্ষেত্রে। তবে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কোনো অনুশোচনা তার নেই।
ক্লাবে থেকে যাওয়া নিয়ে কোনো অনুশোচনা আছে কি-না, এমন প্রশ্নে গার্দিওলার স্পষ্ট উচ্চারণ, ‘একেবারেই নয়।’
“আমি ঘুমাতে পারতাম না, এমনকি এখনকার চেয়েও খারাপ অবস্থা ছিল। তারা আমাকে বরখাস্ত করতে পারে, এমনটা ঘটতে পারে। কিন্তু এখন চলে যাওয়া, এই অবস্থায়? কোনো সুযোগ নেই।”
বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখে সফল অধ্যায় শেষে ২০১৬ সালে সিটির দায়িত্ব নেন গুয়ার্দিওলা। তার কোচিংয়ে ১৮টি বড় শিরোপা জিতেছে দলটি। ২০২৩ সালে অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি ঐতিহাসিক ট্রেবল জয়ের স্বাদ পায় তারা।
ইতিহাদে তার ‘লেগ্যাসি’ সবসময় রয়ে যাবে বলে মনে করেন গুয়ার্দিওলা। এখন দলকে কক্ষপথে ফেরাতে মরিয়া ৫৩ বছর বয়সী কোচ।
“আমরা যা করেছি, তা তো করেছিই। এতে তৃপ্তি পাওয়া যায়। আমরা যেভাবে খেলেছি, সংখ্যা, সবকিছু, সবসময়ই রয়ে যাবে।”
“এই পরিস্থিতিতে, আমি (ক্লাব) ছাড়তে পারি না। আমাদের অনেক কিছু করতে হবে।”
ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ইতিহাদ স্টেডিয়ামে রোববার লিগ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে গুয়ার্দিওলার দল।
