২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রীষ্মের দলবদলে আর খেলোয়াড় কিনবে না রেয়াল

রক্ষণভাগে অভিজ্ঞতার অভাব থাকলেও তরুণদের ওপর আস্থা রাখছেন রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2024, 05:52 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

দলে আর কোনো নতুন খেলোয়াড়ের প্রয়োজন আপাতত দেখছেন না কার্লো আনচেলত্তি। তাই রেয়াল মাদ্রিদ কোচ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এবারের গ্রীষ্মের দলবদল তাদের জন্য শেষ।

ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ও ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে এবারের দলবদলে দলে টেনেছে রেয়াল। পিএসজি থেকে স্বপ্নের ক্লাবে যোগ দিয়েছেন বিশ্বকাপ জয়ী এমবাপে। আর ১৮ বছর বয়সী এন্দ্রিক এসেছেন পালমেইরাস থেকে।

নাচো ফের্নান্দেস ও রাফা মারিন রেয়াল ছাড়ায় রক্ষণভাগের শক্তি বাড়াতে লেনি ইয়োরোর জন্য চেষ্টা চালায় দলটি। কিন্তু ব্যর্থ হয় তারা। ফরাসি সেন্টার-ব্যাক বেছে নেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে। এখন ডিফেন্ডার খুঁজছে কিনা রেয়াল সেই প্রসঙ্গে আনচেলত্তি তুলে ধরেন তারা ভাবনা।

“স্কোয়াড খেলোয়াড় যোগ করার দরজা বন্ধ হয়ে গেছে। হেসুস ভায়োহো ফিরে এসেছে, (ডাভিড) আলাবা সুস্থ হয়ে উঠছে।”

“আমাদের হুয়ান, হাকোবো, রাউলের (আসেনসিও) মতো তরুণ সেন্টার-ব্যাক আছে, যারা অনুশীলন করছে এবং তারা অনেক মান সম্পন্ন। আমি বিশ্বাস করি আমরা এই পজিশনে ভালোভাবে পরিপূর্ণ।”

রেয়ালের সঙ্গে প্রায় দীর্ঘ দুই যুগের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবের ক্লাব আল কাদসিয়াহতে যোগ দিয়েছেন নাচো। গত মৌসুমে ধারে দেপর্তিভো আলাভেসে খেলা মারিন পাকাপাকিভাবে চুক্তি করেছেন নাপোলির সঙ্গে। 

স্প্যানিশ স্ট্রাইকার হোসেলুকেও পাচ্ছে না রেয়াল। কাতারের ক্লাব আল ঘারাফায় যোগ দিয়েছেন তিনি। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা রেয়াল কোচের বিশ্বাস, রেয়ালের আর কারও নাম যুক্ত হবে না দলবদলে। 

“(আর) কেউ চলে যাবে না, কারণ তারা সবাই থাকতে চায়।”

এবারের ইউরো দিয়ে পেশাদার ফুটবল থেকে বিদায় নিয়েছেন টনি ক্রুস। রেয়ালের অনেক সাফল্যের নায়ক জার্মান মিডফিল্ডারকে ছাড়াই এখন তাদের মানিয়ে নেওয়া শিখতে হবে বলে মনে করছেন আনচেলত্তি।

“আমরা ক্রুসকে মিস করছি। তবে তার অভাব পূরণ করার সম্ভাবনা আমাদের আছে, যদিও সেটা ভিন্নভাবে, কারণ তার মানের কোনো খেলোয়াড় নেই। তবে আমাদের অন্য আরও অনেক খেলোয়াড় রয়েছে।”

প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে এখন যুক্তরাষ্ট্রে আছে রেয়াল। সেখানে বৃহস্পতিবার এসি মিলানের মুখোমুখি হবে তারা। শনিবার তাদের লড়াই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। তিনদিন পর তারা খেলবে চেলসির বিপক্ষে।