২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলে প্রথম মৌসুমেই স্লটের প্রভাবে বিস্মিত সালাহ

মৌসুম শুরুর আগে কোচ তার কাছে কী চেয়েছিলেন, সেটাও জানালেন মোহামেদ সালাহ।

লিভারপুলে প্রথম মৌসুমেই স্লটের প্রভাবে বিস্মিত সালাহ
কোচ আর্না স্লটের সঙ্গে মোহামেদ সালাহ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2025, 05:29 PM

Updated : 26 Aug 2026, 12:41 PM

ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হয়ে অ্যানফিল্ডে যোগ দিয়েই দলে এতটা প্রভাব রাখতে পারবেন আর্না স্লট, অভিষেক মৌসুমেই তিনি এত বড় সাফল্য পেয়ে যাবেন, তা ভাবেননি মোহামেদ সালাহ।

২০২৩-২৪ মৌসুমের শেষে অ‍্যানফিল্ড ছেড়ে যান ক্লপ। তার জায়গায় গত বছরের গ্রীষ্মে দায়িত্ব নেন স্লট। ফেইনুর্ড ছেড়ে আসা এই ডাচের কোচিংয়ে শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলতে শুরু করে লিভারপুল। 

মাঝে একটু ছন্দপতনে অন্যান্য প্রতিযোগিতায় শিরোপা স্বপ্ন ভেঙে গেলেও, প্রিমিয়ার লিগে দারুণ পথচলা ধরে রাখে দলটি। এপ্রিলের শেষে টটেনহ্যাম হটস্পারকে ৫-১ গোলে গুঁড়িয়ে, চার ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা পুনরুদ্ধার করে স্লটের লিভারপুল।

দলের এই সাফল্যে সবচেয়ে বড় অবদান সালাহর। ২৮ গোল করে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। অ্যাসিস্টের তালিকায়ও সবার ওপরে তার নাম, সতীর্থদের ১৮টি গোলে অবদান রেখেছেন তিনি। 

দুর্দান্ত এই পারফরম্যান্সে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পর ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে কোচের প্রতি কৃতজ্ঞতা জানান সালাহ। 

“এত দ্রুত আমরা (লিগ শিরোপা) জিততে পারব, আশা করিনি। এই পালাবদল এত দ্রুত সফল হবে, কে ভাবতে পেরেছিল? আমার মনে হয়, কেউ না। প্রাক-মৌসুমে আর্না স্লট আমার কাছে এসে বলেছিলেন, দলে অন্যান্য খেলোয়াড়দের জন্য উদাহরণ হয়ে উঠতে।”

“আমি তাকে চিন্তা করতে মানা করেছিলাম, কারণ আমি সবসময় আমার সেরা অবস্থাতেই থাকি। কারো জন্য উদাহরণ হতে নয়, কারণ আমি এভাবেই খেলি। তিনি জানিয়েছিলেন, ম্যাচে আমার থেকে কী চান। আর তা হলো, মাঠে অনেক দায়িত্ব নিয়ে দৌড়ানো, যা আমার পছন্দ হয়েছিল।”

লিগে পরের ম্যাচে রোববার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের মুখোমুখি হবে লিভারপুল। অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।