২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজিতে দুঃসহ অভিজ্ঞতায় মায়ামিতে মুক্তি খুঁজছিলেন মেসি

পিএসজিতে দুই বছরে একটুও উপভোগ করতে পারেননি আর্জেন্টাইন জাদুকর, এজন্যই পথ খুঁজছিলেন ওই ক্লাব ছেড়ে অন্য কোথাও পাড়ি জমানোর।

পিএসজিতে দুঃসহ অভিজ্ঞতায় মায়ামিতে মুক্তি খুঁজছিলেন মেসি
ইন্টার মায়ামিতে সুখে আছেন লিওনেল মেসি। ছবি: ইন্টার মায়ামি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2025, 12:19 PM

Updated : 26 Aug 2026, 11:55 AM

বার্সেলোনা ছাড়তে বাধ্য হওয়ায় এমনিতেই হৃদয় ভেঙে গিয়েছিল লিওনেল মেসির। পিএসজিতে গিয়ে আরও অসহনীয় হয়ে উঠেছিল তার জীবন। একটি দিনও উপভোগ করতে পারছিলেন না। সেই আঁধারে ডুবে স্রেফ একটু আলোর খোঁজ করছিলেন তিনি। ইন্টার মায়ামিতে খেলার প্রস্তাব সেই আলোর রেখা বয়ে আনে আর্জেন্টাইন জাদুকরের জন্য।

পিএসজি ছাড়ার পর নানা সময়েই মেসি বলেছেন, তার সময়টা ভালো কাটেনি প্যারিসে। যন্ত্রণাময় দিনগুলিতে আরও একবার ফিরে গেলেন তিনি শুক্রবার অ্যাপল মিউজিক সাক্ষাৎকারে। 

তিনি। ৩৭ বছর বয়সী তারকা বললেন, পিএসজিতে দাঁতে দাঁত চেপে দুই বছর কাটিয়ে দেওয়ার পর ক্লাব ছাড়তে মরিয়া ছিলেন তিনি। 

“প্যারিসে আমার সময় যেমন কেটেছে, এরপর ইন্টারের (মায়ামি) সঙ্গে চুক্তি করাটা আমার জন্য ছিল একটি সুযোগ। এই সিদ্ধান্ত আমাকে নিতেই হতো, কারণ বার্সেলোনা ছাড়তে হয়েছে আমাকে, এরপর ওই দুটি বছর (পিএসজিতে) আমি উপভোগ করতে পারিনি।”

“প্রতিদিনের নানা কিছু, ট্রেনিং সেশন, ম্যাচ, কিছুতেই খুশি ছিলাম না। সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়া আমার জন্য কঠিন হয়ে উঠেছিল।”

মেসির সেই হারিয়ে যাওয়া হাসি ফিরেছে মায়ামিতে গিয়ে। 

বার্সেলোনার হয়ে বছরের পর বছর অবিশ্বাস্য পারফরম্যান্সে ১০টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপসহ অনেক শিরোপা জয়ের পর ২০২১ সালে শৈশবের ক্লাব ছেড়ে যান তিনি। বলা ভালো, ছাড়তে বাধ্য হন ক্লাবের আর্থিক নানা জটিলতার কারণে। দুই বছরের চুক্তিতে তিনি পাড়ি জমান পিএসজিতে।

নতুন ক্লাবের হয়ে ফরাসি লিগে দুবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান তিনি, একবার জেতেন ফরাসি ক্লাব। তবে মেসিকে নিয়ে পিএসজির ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকদের মূল লক্ষ্য, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি। বরং শেষ দিকে ক্লাবের সঙ্গে তার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে শিরোপা জয়ের পর তাকে নিয়ে পিএসজির সমর্থকদের আক্ষেপ-হতাশা বেড়ে যায় আরও। সমর্থকদের একটি অংশ তাকে কাঠগড়ায় দাঁড় করার চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার জন্য। ক্লাবের অনুমতি না নিয়ে অনুশীলন সেশন বাদ দিয়ে সৌদি আরবে ব্যক্তিগত সফরে যাওয়ায় নিষেধাজ্ঞাও পেতে হয় তাকে।

অবশেষে ২০২৩ সালে পিএসজিতে চুক্তি শেষে তিনি পাড়ি জমান ইন্টার মায়ামিতে। নতুন ক্লাবেও তার সাফল্যের রথ ছুটছে দারুণ গতিতে। গত মৌসুমে প্রথমবারের মতো সাপোর্টার্স শিল্ড জিতেছে মায়ামি, মেসি হয়েছেন মৌসুমের সেরা ফুটবলার। ক্লাবে সতীর্থ হিসেবে তিনি পেয়েছেন বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ জর্দি আলবা, সের্হিও বুসকেতস, লুইস সুয়ারেসদের মতো তারকাদের।

মেসি কারণে মায়ামির আয় বেড়ে গেছে রেকর্ড পরিমাণে। স্পন্সররা ভিড় জমাচ্ছেন একের পর এক। মেসির ম্যাচে প্রতিপক্ষের মাঠেও গ্যালারি থাকে কানায় কানায় পূর্ণ। মেজর লিগ সকার (এমএলএস) নিয়ে গোটা ফুটবল বিশ্বের আগ্রহও বেড়ে গেছে অনেক। 

মেসির আশা, অন্য ক্লাবগুলিও মায়ামির মতো করে চেষ্টা করবে এই লিগকে আরও জমজমাট করে তুলতে। 

“এমএলএস এখন অনেকটা পরিণত হয়েছে এবং আরও বেড়ে উঠছে। আশা করি, এই অগ্রগতি থেমে যাবে না এবং ইন্টার মায়ামিকে উদাহরণ হিসেবে নিয়ে অন্য ক্লাবগুলিও এই আসরকে সমৃদ্ধ করে তুলবে।”