৪-০ ব্যবধান ঘুচিয়ে ফাইনালে খেলার আশায় বার্সা কোচ
প্রত্যাবর্তনের স্বপ্নে বিভোর ক্লাবটির সমর্থকদের মাঝে ঘুরেফিরে আসছে ৯ বছর আগের এক লড়াইয়ের গল্প।
সেমি-ফাইনালের মঞ্চে, আতলেতিকো মাদ্রিদের মতো দলের বিপক্ষে, চার গোলের ঘাটতি পুষিয়ে নেওয়া নিশ্চিতভাবেই অনেক কঠিন। তবে লড়াই তো এখনও শেষ হয়ে যায়নি। তাই কিছুতেই হাল ছাড়তে রাজি নন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। বরং তার দৃঢ় বিশ্বাস, ইয়ামাল-পেদ্রিরা পারবেন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের নতুন আরেক গল্প রচনা করতে।
কোপা দেল রের শেষ চারের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মাঠে ৪-০ গোলে উড়ে যায় বার্সেলোনা। গত ১২ ফেব্রুয়ারির ওই ম্যাচে প্রথমার্ধেই গোলগুলো হজম করে তারা। দ্বিতীয়ার্ধে অনেকটা সময় ১০ জন নিয়ে খেলতে হওয়ায়, ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনাই সেদিন জাগাতে পারেনি দলটি।
ওভাবে হারের পর অনেকেই হয়তো বার্সেলোনার বিদায় নিশ্চিত ধরে নিয়েছে। তবে, কোচের জায়গা থেকে ফ্লিক তো আশা ছাড়তে পারেন না। অবশ্য এই জার্মান কোচ যেন শুধু বলার জন্যই বলছেন না, তার কণ্ঠে দৃঢ় বিশ্বাস ফুটে উঠছে।
“কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। আমার মনে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের বিশ্বাস করতে যে, আমরা ঘুরে দাঁড়াতে পারি। ৯০ মিনিট কিংবা তার বেশি সময়ের জন্য আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে; দলের জন্য, ক্লাবের জন্য এবং সমর্থকদের জন্য আমাদের লড়তে হবে।”
“এজন্য সমর্থকদের আমাদের পাশে চাই এবং ঐক্যবদ্ধ হয়ে আতলেতিকোর বিপক্ষে লড়াই করতে হবে।”
কাম্প নউয়ের সংস্কার কাজ চলায় প্রায় আড়াই বছর অন্য মাঠে খেলে বার্সেলোনা। ৯০৯ দিন পর অবশেষে গত ২২ নভেম্বর প্রিয় আঙিনায় ফেরে দলটি। সেই থেকে এখন পর্যন্ত এই মাঠে হারেনি তারা। এই পরিসংখ্যানেও বাড়তি প্রেরণা পাচ্ছেন ফ্লিক।
“স্পটিফাই কাম্প নউয়ে ফেরার পর থেকে (এখানে) আমরা কোনো ম্যাচ হারিনি। এই ইতিবাচক মানসিকতা নিয়েই আমাদের লড়াইয়ে নামতে হবে এবং প্রত্যাবর্তনের চেষ্টা করতে হবে। সমর্থকদের পাশে নিয়ে এবং এই স্টেডিয়ামে সবকিছু সম্ভব।”
ঠিক এমনই এক পরাজয়ের পর অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখার ইতিহাস আছে বার্সেলোনার। ২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরেছিল কাতালান ক্লাবটি। পরে ঘরের মাঠে ৬-১ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল তারা।
৯ বছর আগের সেই লড়াইয়ের কথা বার্সেলোনা ভক্তদের মাঝে বারবার ঘুরেফিরে আসছে। স্বপ্ন দেখছে একইরকম অবিশ্বাস্য গল্প লেখার।
