২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ইয়ামালের মুখে হাসি ফেরায় ফ্লিকের স্বস্তি

বার্সেলোনা কোচ জানালেন, অনুশীলনে এখন খুব ভালো করছেন তরুণ স্প‍্যানিশ ফরোয়ার্ড।

ইয়ামালের মুখে হাসি ফেরায় ফ্লিকের স্বস্তি
লামিন ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2026, 07:11 PM

Updated : 16 Sep 2026, 01:02 PM

প্রথম ম‍্যাচে মন খারাপ করে বসে থাকা লামিন ইয়ামালের মুখে হাসি ফিরেছে পরের ম‍্যাচে। স্বাভাবিকভাবেই তা স্বস্তি হয়ে এসেছে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের জন‍্য।

এলচেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আসর শুরু করে বার্সেলোনা। লা লিগায় ওই ম‍্যাচে ৬০ মিনিট খেলেন ইয়ামাল। মাঠ ছাড়ার পর মুখ ভার করে বসে ছিলেন তিনি। পরের ম‍্যাচে গত দুই আসরের চ‍্যাম্পিয়নরা ২-০ গোলে হারায় আথলেতিক বিলবাওকে। এই ম‍্যাচের পর হাসিখুশি ইয়ামালের দেখা মেলে।    

বাংলাদেশ সময় মঙ্গলবার ১টায় (এএম) রায়ো ভাইয়েকানোর বিপক্ষে খেলবে বার্সেলোনা। এর আগে ফ্লিকের সংবাদ সম্মেলনে এলো ইয়ামালের প্রসঙ্গ। বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড যে ধীরে ধীরে স্বরূপে ফিরবেন, তা নিয়ে কোনো সংশয় নেই বার্সেলোনা কোচের।

“একজন খেলোয়াড়ের মুখে হাসি থাকা সবসময়ই ভালো কিছু। তবে প্রতিদিন একরকম হয় না। আমি জানি, সবাই লামিনকে নিয়ে উদ্বিগ্ন। তবে পরিস্থিতি এমনই।

“হয়তো প্রথম ম‍্যাচে সে তার সেরা অবস্থায় ছিল না। তবে সে যেমন পরিশ্রম করেছে, তাতে আমি খুশি। সে সুযোগ তৈরি করেছে। আথলেতিকের বিপক্ষে ৯০ মিনিট খেলেছে, পুরো ৯০ মিনিট খেলতে পারা তার জন‍্য ভালো। আমরা তাকে উঁচু পর্যায়ে পারফরম‍ করতে দেখেছি, অনুশীলনেও তাকে আমি সেটা করতে দেখি। আজ অনুশীলনে সে ছিল দুর্দান্ত। তাকে আমাদের সাহায‍্য করে যেতে হবে, আমি সেটা করব।”

দুই ম‍্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে আছে বার্সেলোনা। সমান পয়েন্ট রেয়াল মাদ্রিদ, সেভিয়া ও রেয়াল বেতিসেরও। তিন ম‍্যাচে ৭ পয়েন্ট নিয়ে প্রথম দুটি স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ ও আলাভেস।