২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে লড়াই করে জাপানের কাছে সেমি-ফাইনালে হারল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমি-ফাইনালে জাপানের বিপক্ষে আশা জাগিয়েও পেরে ওঠেনি বাংলাদেশ।

হকিতে লড়াই করে জাপানের কাছে সেমি-ফাইনালে হারল বাংলাদেশ
জাপানের বিপক্ষে দারুণ লড়াই করেও হার এড়াতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দল। ছবি: এশিয়ান হকি ফেডারেশন ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2025, 05:49 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিল বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারেও সম্ভাবনা রাখল জিইয়ে। কিন্তু চতুর্থ ও শেষ কোয়ার্টারে খেই হারাল দল। জাপানের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির ফাইনালে উঠতে ব্যর্থ হলো বাংলাদেশ।

চীনের দাঝুতে হওয়া এই প্রতিযোগিতায় শুক্রবার সেমি-ফাইনালে জাপানের বিপক্ষে ৬-৪ গোলে হেরেছে বাংলাদেশ। এখন দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।

দ্বীন ইসলাম ও ইসমাইল হোসেনের গোলে প্রথম কোয়ার্টার বাংলাদেশ শেষ করে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল শোধ করে জাপান সমতায় ফেরানোর পর মোহাম্মদ আব্দুল্লাহর ফিল্ড গোলে ফের এগিয়ে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে কোনো দলই পায়নি গোল। চতুর্থ কোয়ার্টারের শুরুতে ইউমা ফুজিওরা সমতায় ফেরান জাপানকে। ৪৭তম মিনিটে অমিত হাসানের হিটে গোলরক্ষক পরাস্ত হলে বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনায় প্রাণ ফিরে।

৫১তম মিনিটে সাসাকি সমতা ফেরানোর পর খেই হারায় বাংলাদেশ। পরে আরও দুই গোল হজম করে হেরেই যায় দল।