শিরোপার স্বপ্ন পূরণে ময়েসের দিকে তাকিয়ে আর্তেতা
প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে ম্যানচেস্টার সিটিকে রুখে দেবে ডেভিড ময়েসের ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, আশায় আর্সেনাল কোচ।
নিজের খেলোয়াড়ি ও ব্যক্তিগত জীবনে ডেভিড ময়েসকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখেন মিকেল আর্তেতা। প্রিমিয়ার লিগে শিরোপার হাড্ডাহাড্ডি লড়াইয়ে সাবেক কোচের সাহায্য চাইছেন তিনি। আর্সেনাল কোচের আশা, লিগের শেষ রাউন্ডে ম্যানচেস্টার সিটিকে রুখে দেবে ময়েসের দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। তাহলেই নিজেদের ম্যাচ জিতে শিরোপার স্বপ্ন পূরণ করতে পারবেন তারা।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপার ফয়সালা হবে আগামী রোববার। শেষ রাউন্ডের আগে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল।
শিরোপা ভাগ্য সিটির হাতেই আছে। ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে হারালেই টানা চতুর্থবারের মতো লিগ শিরোপা ঘরে তুলবে পেপ গুয়ার্দিওলার দল।
অন্যদিকে, আর্সেনালকে শুধু এভারটনের মাঠে নিজেদের ম্যাচ জিতলেই হবে না, সিটির পয়েন্ট হারানোর প্রার্থনাও করতে হবে আর্তেতার দলকে।
২০০৫ সালে খেলোয়াড় আর্তেতাকে রেয়াল সোসিয়েদাদ থেকে এভারটনে এনেছিলেন দলটির তখনকার কোচ ময়েস। তারপর থেকে ক্যারিয়ারের বাকি সময়টায় ইংল্যান্ডেই কাটান আর্তেতা। স্প্যানিশ এই মিডফিল্ডার এভারটন থেকে পরে যোগ দেন আর্সেনালে।
লিগে আর্সেনালের দুই দশকের শিরোপা খরা কাটাতে নিজের সাবেক কোচকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন আর্তেতা।
“একজন ফুটবলার ও ব্যক্তি হিসেবে আমার ক্যারিয়ারে তিনি (ময়েস) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আমাদের প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্ন এবং আমার ব্যক্তিগত স্বপ্ন পূরণে সাহায্য করতে পারেন।”
“আমাদের জিততেই হবে, তারপর আশা করি ওয়েস্ট হ্যাম আমাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। প্রথম কাজটি আমাদের, তাই একমাত্র সেদিকেই আমরা মনোযোগ দিতে পারি।”
গত মৌসুমে লিগ শিরোপা জয়ের প্রবল সম্ভাবনা জাগিয়েও শেষ দিকে প্রবল চাপের সময়টায় ভেঙে পড়েছিল আর্সেনাল। পুড়তে হয়েছিল স্বপ্নভঙ্গের যন্ত্রণায়।
এবারও শিরোপা জিততে না পারলে কী হবে? শুক্রবারের সংবাদ সম্মেলনে আর্তেতা বললেন, আপাতত শুধু নিজেদের কাজ ঠিকঠাক করার দিকেই সব মনোযোগ তাদের।
“আমি এভাবে ভাবতে পারি না। আমাদের ম্যাচ জিততে হবে এবং আশা করি, দারুণ কিছু হতে যাচ্ছে।”
আর্সেনাল সবশেষ লিগ শিরোপা জিতেছিল ২০০৩-০৪ মৌসুমে, আর্সেন ভেঙ্গারের কোচিংয়ে গোটা মৌসুমে অপরাজিত থেকে।
