‘ভাঙা নাক’ নিয়েই খেলতে চান এমবাপে
ফ্রান্স কোচ দিদিয়ে দেশম অবশ্য এই ফরোয়ার্ডকে পোল্যান্ডের বিপক্ষে খেলানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এখনও।
ভাঙা নাক সেরে ওঠার পর্যায়ে রয়েছে; ভালোভাবে রিকভারিও করছেন কিলিয়ান এমবাপে। পোল্যান্ডের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে চান এই ফরোয়ার্ড। কিন্তু ফ্রান্স কোচ দিদিয়ে দেশম নিশ্চিত করে হ্যাঁ বা না কিছুই বললেন না।
ডর্টমুন্ডে ‘ডি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার পয়েন্ট টেবিলের তলানির দল পোল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। এখন পর্যন্ত কেউ গোল না পেলেও একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে প্রতিযোগিতার ২০০০ সালের চ্যাম্পিয়নরা।
অস্ট্রিয়ার বিপক্ষে একটি আত্মঘাতী গোলে জেতা ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের সাথে সংঘর্ষে নাকে আঘাত পেয়েছিলেন এমবাপে। পরে ফ্রান্স জানায়, নাক ভেঙে গেছে তার। কদিন ধরেই তার মাঠে ফেরা নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন।
মাস্ক পরে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে চেয়েছিলেন এমবাপে, কিন্তু সেদিন তাকে খেলাননি ফ্রান্স কোচ। পোল্যান্ড ম্যাচে খেলাবেন কিনা, তা নিয়েও রহস্য রাখলেন দেশম। যদিও আগের চেয়ে ইতিবাচক সুরেই কথা বলেছেন তিনি।
“দিন দিন সে আরও ভালো হয়ে উঠছে। অস্বীকার করব না, সে আগামীকাল (মঙ্গলবার) খেলতে খুবই আগ্রহী; যেমনটা সে নেদারল্যান্ডসের বিপক্ষেও ছিল।”
গত শনিবার একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন এমবাপে এবং এরপর থেকে নিয়মিত অনুশীলন করছেন তিনি। মাস্ক পরার ফলে দৃষ্টি কিছুটা বাধাপ্রাপ্ত হলেও এমবাপে অভ্যস্ত হয়ে উঠছেন বলে জানিয়েছেন দেশম। আক্রমণভাগের সেরা তারকা ফিরলে দলের জন্য দারুণ হবে বলে মনে করেন মিডফিল্ডার এনগোলো কঁতে।
“কিলিয়ান থাকলে, আমি মনে করি, সেটা আমাদের গোল করতে এবং জয় পেতে সাহায্য করবে। নিশ্চিতভাবেই কিলিয়ানকে ফিরে পাওয়াটা অনেক বড় বিষয়।”
