Published : 25 Mar 2026, 09:17 PM
আগেও ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন দানিলো। কিন্তু মাঠে নামতে পারেননি তিনি। আবার সুযোগ এসেছে এই মিডফিল্ডারের সামনে। বোতাফোগোর এই ফুটবলার বললেন, এখন আগের চেয়ে বেশি পরিণত ও অভিজ্ঞ তিনি।
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে শেষ ধাপের প্রস্তুতিপর্বে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। ম্যাচ দুটির জন্য চলতি মাসের শুরুতে দল ঘোষণা করেন পাঁচবারের চ্যাম্পিয়নদের নতুন কোচ কার্লো আনচেলত্তি। সেখানে ২৪ বছর বয়সী দানিলোকে রেখেছেন তিনি।
২০২২ বিশ্বকাপের আগে দিয়ে প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পান দানিলো। দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াডে তাকে রাখেন তখনকার কোচ তিতে। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি দানিলো। পরে বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা হয়নি তার।
ওই সময় দানিলোর বয়স ছিল ২১, তখন খেলতেন পালমেইরাসে। এরপর ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্ট ঘুরে এখন বোতাফোগোর প্রতিনিধিত্ব করছেন এই ফুটবলার।
ব্রাজিলের ঘরোয়া শীর্ষ প্রতিযোগিতা সেরি আতে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৫ গোল করেছেন দানিলো। তার চেয়ে বেশি গোল করতে পেরেছেন কেবল কার্লোস ভিনিসিউস।
ব্রাজিল দলে ফের ডাক পাওয়ায় উচ্ছ্বসিত দানিলো সিবিএফ টিভিতে বলেন, এখন জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত তিনি।
“পালমেইরাসে থাকাকালীন আরও তরুণ ছিলাম এবং ব্রাজিলিয়ান ফুটবলে নিজের নাম তৈরি করতে ও পালমেইরাসে একটি সুন্দর ইতিহাস গড়ার চেষ্টা করছিলাম। এখন আমি আরও পরিণত ও অভিজ্ঞ। দেশের বাইরে গিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের হয়ে খেলেছি এবং এরপর বোতাফোগোতে ফিরে এসেছি। বর্তমানে গ্লোরিওসোতে (বোতাফোগো) খুব ভালো সময় কাটাচ্ছি। আমার মনে হয়, পালমেইরাস থেকে যখন এসেছিলাম, তার চেয়ে এখন আমি এই ডাক পাওয়ার জন্য অনেক বেশি প্রস্তুত।”
আগামী ২৭ মার্চ ফ্রান্সের বিপক্ষে এবং এর চার দিন পর ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। দুটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে।