২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চ্যাম্পিয়ন্স লিগে রেয়ালের ইতিহাস অসাধারণ, তবে আমাদের বড় সুযোগ’

রেয়াল মাদ্রিদের প্রতি সম্মান রেখেই আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওনে বলছেন, বের্নাবেউয়ে তাদের নতুন গল্প লেখার সুযোগ আছে।

‘চ্যাম্পিয়ন্স লিগে রেয়ালের ইতিহাস অসাধারণ, তবে আমাদের বড় সুযোগ’
সংবাদ সম্মেলনে আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওনে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2025, 09:03 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

এই মৌসুমে লা লিগায় দুইবারের দেখায় আলাদা করা যায়নি রেয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদকে। দুই নগরপ্রতিদ্বন্দ্বীর দুটি লড়াই-ই শেষ হয় সমতায়। সামনে আরেকটি মাদ্রিদ ডার্বি। এবার লড়াইটা ইউরোপ সেরার মঞ্চে। যেখানে রেয়ালকে বলা হয় ‘রাজা।’ বাস্তবতা মেনে নিয়েই আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে বলছেন, বের্নাবেউয়ে নতুন গল্প লেখার সুযোগ আছে তাদের।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে রেয়ালের মুখোমুখি হবে আতলেতিকো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। 

চলতি মৌসুমে লা লিগায় এই দুই দলের দুটি লড়াই শেষ হয় ১-১ সমতায়। চ্যাম্পিয়ন্স লিগে তাদের মুখোমুখি লড়াইয়ে অবশ্য রেয়াল মাদ্রিদের জয়জয়কার। ২০১৪ ও ২০১৬ সালের ফাইনালে আতলেতিকোকে হারিয়েই শিরোপা উৎসব করে রেয়াল। ২০১৫ সালে কোয়ার্টার-ফাইনাল ও ২০১৭ সালে সেমি-ফাইনাল থেকেও আতলেতিকোকে বিদায় করে দেয় তারা।

প্রতিযোগিতাটির বর্তমান ও রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রেয়াল। দ্বিতীয় সর্বোচ্চ সাত শিরোপা নিয়ে তাদের অনেক পেছনে এসি মিলান।

রেয়ালের প্রতি পূর্ণ সম্মান রেখেই সোমবার সংবাদ সম্মেলনে সিমেওনে বললেন, এবার তাদের দারুণ কিছু করার সুযোগ আছে। 

“আমরা সবসময় যেকোনো পরিস্থিতিকে ইতিহাসের সঙ্গে সংযুক্ত করি এবং ইতিহাস থেকে যায়। চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদের ইতিহাস অসাধারণ এবং আগামীকাল (মঙ্গলবার) আমাদের সামনে একটা বড় সুযোগ।”

“দারুণ প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে অনেক সম্মানের ম্যাচ এটা। আমি বুঝতে পারি যে, তারা আমাদের একইভাবে সম্মান করে। এটা যদি অন্য লিগের একটি দল হতো, তাহলে আমরা এই বিষয়গুলো বলতাম না। এটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত, তাদের আমরা অনেক সম্মান করি।”

ফেভারিট তকমায় বিশ্বাস করেন না সিমেওনে। আসছে লড়াইয়ে তাই কাউকে এগিয়ে রাখতে চান না এই আর্জেন্টাইন কোচ। 

“ফেভারিট শব্দটি আমি বুঝতে পারি না। আমরা এমন এক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছি, যাদের আমরা সম্মান করি। আমরা আমাদের শক্তি-সামর্থ্য জানি, যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে আমরা লড়াইটাকে এমন অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেখানে তাদের আঘাত করতে পারব।”