আরেকটি বিশ্বকাপ নাকি ব্যালন দ’র? মেসির ঝটপট আরও কিছু উত্তর
র্যাপিড-ফায়ার প্রশ্নোত্তরে মজার কিছু বিষয়ের পাশাপাশি অবসর নেওয়ার পর কী করতে চান, সেই বার্তাও দিয়ে রাখলেন আর্জেন্টাইন মহাতারকা।
জাতীয় দলের হয়ে বছরের শেষ ম্যাচ খেলার আগে অল্প কথার এক প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হলেন লিওনেল মেসি। সেই র্যাপিড-ফায়ার প্রশ্নোত্তরে মজার কিছু বিষয়ের পাশাপাশি অবসর নেওয়ার পর কী করতে চান, সেই বার্তাও দিয়ে রাখলেন আর্জেন্টাইন মহাতারকা।
টিওয়াইসি স্পোর্টসে প্রকাশিত ভিডিও অনুযায়ী আর্জেন্টিনা অধিনায়ককে করা সেইসব প্রশ্ন ও তার ঝটপট দেওয়া উত্তরগুলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো:
প্রশ্ন: আরেকটি বিশ্বকাপ জিততে চান নাকি আরেকটি ব্যালন দ’র?
মেসি: আরেকটি বিশ্বকাপ।
প্রশ্ন: মায়ামির আবহাওয়ায় খেলতে চান নাকি বার্সেলোনার আবহাওয়ায়?
মেসি: বার্সেলোনায় খেলতে চাই।
প্রশ্ন: কোনো ম্যাচে হ্যাটট্রিক করলেন, কিন্তু হেরে গেলেন; নাকি ম্যাচের জয়সূচক গোল করতে চান?
মেসি: জয়সূচক গোল করতে চাই।
প্রশ্ন: (অবসর নেওয়ার পর) কোচ হতে চান নাকি ক্লাবের মালিক?
মেসি: ক্লাবের মালিক।
প্রশ্ন: নিজের দুই পায়ের মধ্য দিয়ে বল যেতে দিতে চান নাকি আত্মঘাতী গোল করতে চান?
মেসি: নিজের দুই পায়ের মধ্য দিয়ে বল যেতে দিতে চা্ই।
প্রশ্ন: কর্নার থেকে গোল করতে চান নাকি মাঝমাঠ থেকে?
মেসি: (কিছুক্ষণ ভেবে) কর্নার থেকে।
প্রশ্ন: ডিফেন্ডার হিসেবে খেলতে চান নাকি গোলরক্ষক?
মেসি: ডিফেন্ডার
প্রশ্ন: ৪-৪-২ নাকি ৪-৩-৩, কোন কৌশলে খেলতে চান?
মেসি: ৪-৩-৩
