২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বের সেরা ফুটবলার’ রদ্রির বিকল্প খুঁজছেন গুয়ার্দিওলা

ম্যানচেস্টার সিটি কোচের চোখে বিশ্বের সেরা ফুটবলার রদ্রি, কিন্তু চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই মিডফিল্ডারকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2024, 01:33 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

বিশ্বের সেরা ফুটবলারের কী আর বিকল্প হয়! পেপ গুয়ার্দিওলা সেটিই বললেন, রদ্রির মতো একজনের ঘাটতি অপূরণীয়। তবে কোচ হিসেবে তো তাকে সমাধান খুঁজতেই হয়। লম্বা সময়ের জন্য রদ্রিকে হারিয়ে এখন উপযুক্ত কাউকে কাজে লাগানোর ছক কষছেন ম্যানচেস্টার সিটি কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার আর্সেনালের বিপক্ষে ২-২ গোলের ড্র ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন রদ্রি। পরে জানা যায়, এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে তার। তখনই নিশ্চিত হয়ে যায়, অনেক দিন মাঠের বাইরে থাকতে হবে ২৮ বছর বয়সী মিডফিল্ডারকে।

গোটা মৌসুমই রদ্রিকে মাঠের বাইরে থাকতে হতে পারে বলে খবর প্রকাশ করেছে কিছু সংবাদমাধ্যম। ইএসপিএনের খবর, অস্ত্রোপচারের ধরনের ওপর নির্ভর করে পাঁচ থেকে আট মাস বাইরে থাকতে হতে পারে তাকে।

ইংলিশ লিগ কাপের তৃতীয় রাউন্ডে ওয়াটফোর্ডের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর মঙ্গলবার সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা জানালেন, রদ্রির অস্ত্রোপচারের শেষ মুহূর্তের কিছু সিদ্ধান্ত নেওয়া বাকি আছে এখনও।

“এখনও আমরা সুনির্দিষ্ট করে জানি না (কত দিনের জন্য বাইরে থাকতে হবে রদ্রিকে)। তবে লম্বা সময় তাকে বাইরে থাকতে হবে নিশ্চিতভাবেই।”

“আশা করি, যতটা ধারণা করছি, এর চেয়ে কম সময়ই লাগবে (রদ্রির ফিরতে)। তবে এখনও বলার সময় হয়নি। শেষ কয়েকটি ফোনকলের অপেক্ষায় আছি আমরা। কোন ধরনের অস্ত্রোপচার লাগবে, সেটা বোঝার অপেক্ষা করছি। আজকে রাতে বা আগামীকাল হয়তো জানতে পারব এসব।”

ম্যাচের পর নানা পরীক্ষা করাতে বার্সেলোনায় গিয়েছেন রদ্রি। সেখানকার চিকিৎসকদের পরামর্শেই সিদ্ধান্ত নেওয়া হবে। 

এমনিতে ম্যানচেস্টার সিটির স্কোয়াডের গভীরতা দারুণ। বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ দলগুলির একটি তারা। কিন্তু রদ্রির মতো একজনকে হারানো এই দলের জন্যও বড় ধাক্কা। 

২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে সিটিতে পা রাখার পর এই দলের অপ্রতিরোধ্য পথচলায় রদ্রির অবদান অনেক। গত মৌসুমে তো ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে সিটির হয়ে ১৭৪ ম্যাচ খেলে ১২৯টিই জিতেছেন এই মিডফিল্ডার। 

ক্লাবের পর দেশের হয়েও দুর্দান্ত পারফরম্যান্সে তিনি বড় ভূমিকা রেখেছেন স্পেনের ইউরো জয়ে। ইউরোর সেরা ফুটবলারের স্বীকৃতি পান তিনি। এবার ব্যালন দ’র জয়ের লড়াইয়েও তিনি আছেন ভালোভাবেই। কিন্তু নতুন মৌসুমের শুরুতেই বিভীষিকার মুখোমুখি হতে হলো তাকে।

গুয়ার্দিওলা এতে হতাশ হলেও হাহাকার করছেন না। বরং রদ্রিকে ছাড়াই ভালো করার ছবি আঁকার চেষ্টা করছেন তিনি।

“আমরা ভালো মৌসুমই কাটাব। দলের ওপর আবার আস্থা অগাধ। রদ্রিকে না পাওয়ার সমাধান বের করার দায়িত্ব আমার।”

“সে অপূরণীয়, এটা নিয়ে সংশয় নেই। তবে দল হিসেবে ঘাটতি পূরণ করতে হবে আমাদের। বিশ্বের সেরা ফুটবলারকে ছাড়া দীর্ঘ সময় খেলতে হওয়াটা বড় আঘাত অবশ্যই। তবে আমার দায়িত্ব, এটার সমাধান করা এবং অনেক বছর ধরেই যেভাবে লড়ছি, সেটা নিশ্চিত করা।”