২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে শক্তিশালী মেনেই ভালো কিছুর আশায় বাংলাদেশ

হকি বিশ্বকাপ বাছাইয়ের টিকেট পেতে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী দেখা গেল বাংলাদেশ কোচ ও অধিনায়ককে।

পাকিস্তানকে শক্তিশালী মেনেই ভালো কিছুর আশায় বাংলাদেশ
সংবাদ সম্মেলনে এক ফ্রেমে (বাম থেকে) পাকিস্তান অধিনায়ক শাকিল ভাট, বাংলাদেশ অধিনায়ক রেজাউল করিম বাবু, বাংলাদেশ কোচ সিগফ্রেড গোত্তালিয়েব আইকম্যান ও পাকিস্তান টিম ম্যানেজার মোহাম্মদ উসমান। ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 05:55 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

নতুন নিয়মে পাওয়া সুযোগ এখন লুফে নিতে উন্মুখ বাংলাদেশ ও পাকিস্তান। তিন ম্যাচের প্লে-অফ সিরিজের বৈতরণী পেরিয়ে আগামী বছর নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় বিশ্বকাপের বাছাইয়ে খেলার টিকেট পেতে মরিয়া দল দুটি।

এশিয়া কাপ হকির চ্যাম্পিয়ন হিসেবে ভারত সরাসরি বিশ্বকাপে খেলবে। প্রতিযোগিতাটির সেরা পাঁচে থাকা বাকি চার দল দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন, জাপান বাছাইয়ে খেলার সুযোগ পেয়েছে। ভারতে অনুষ্ঠিত ওই আসর বয়কট করা পাকিস্তান এবং সেখানে ষষ্ঠ হওয়া বাংলাদেশ আন্তর্জাতিক হকি ফেডারেশনের নতুন নিয়মে পেয়েছে প্লে-অফ জিতে বাছাইয়ে খেলার সুযোগ।

মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচের প্লে-অফ সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার মুখোমুখি হবে দুই দল। শুক্র ও রোববার একই ভেন্যুতে হবে সিরিজের বাকি দুই ম্যাচ। 

বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে বিশ্বকাপের রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের (১৪তম) চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ (২৯তম)। সবশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানেও দুই দলের শক্তি, সামর্থ্যের পার্থক্য স্পষ্ট। সবগুলোই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বড় ব্যবধানের হার ২০২২ সালে জাকার্তার হিরো এশিয়া কাপে, ৮-০ ব্যবধানে। 

এবার অবশ্য বাংলাদেশ খেলবে নিজেদের আঙিনায়, চেনা টার্ফে। বাংলাদেশ অধিনায়ক রেজাউল করিম বাবু প্রতিপক্ষকে শক্তিশালী মেনেই সেরাটা নিংড়ে দিতে চান।

“আমরা বাস্তবতাটা সবাই জানি যে পাকিস্তান আমাদের চেয়ে ভালো দল। তো এর আগেও আমি বলেছি এখানে আমাদের হারানোর কিছু নেই। তবে আমরা যদি নিজেদের সাধ্যমতো চেষ্টা করতে পারি, তাহলে পাওয়ার অনেক কিছু আছে।”

“আমাদের দলে সাত জন অনূর্ধ-২১ দলের খেলোয়াড় আছে। তাদের সাথে আমাদের বোঝাপড়া ভালো। এর মধ্যে চার জন খেলোয়াড়ের ইতোমধ্যে তিন-চার বছর হয়ে গেছে জাতীয় দলে খেলা। নিশ্চিতভাবে ওই দিক থেকে আমাদের সবার বোঝাপড়া আগের মতোই আছে। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো চেষ্টা করার, ভালো কিছু একটা করার।”

বাংলাদেশ দলের জার্মান কোচ সিগফ্রেড গোত্তালিয়েব আইকম্যান এর আগে ছিলেন পাকিস্তানের দায়িত্বে। প্রতিপক্ষ সম্পর্কে তার যেমন জানাশোনা আছে, পাকিস্তানও জানে বাংলাদেশ কোচের কৌশল। তিন ম্যাচের প্লে-অফ সিরিজ তাই আকর্ষণীয় হবে বলে মনে হচ্ছে আইকম্যানের।

“এটা একটা বড় চ্যালেঞ্জ, সহজ নয়। শুধু র‌্যাঙ্কিংয়ে নয়, অভিজ্ঞতার দিক থেকেও বড় পার্থক্য আছে। পাকিস্তান দল সম্প্রতি অনেক ম্যাচ খেলেছে। তারা প্রো লিগে কোয়ালিফাই করেছে, এবং অন্যান্য টুর্নামেন্টেও ভালো করেছে। তাই তাদের মনোবলও ভালো, খেলোয়াড়রাও দক্ষ এবং গতিময়।”

“আমি তাদের অনেককে চিনি, জানি তারা কী করতে পারে। আমি তাদের কোচ ছিলাম, তারা জানে আমি কী ভাবি, কী করি, কী চাই। তাই তারা জানে তারা কাদের মুখোমুখি হবে, আর আমরাও জানি তারা কারা। এতে ম্যাচটা আরও আকর্ষণীয় হয়ে উঠবে।”

এই সিরিজে পাকিস্তানের ডাগআউটে দাঁড়ানোর কথা ছিল তাহির জামানের। কিন্তু শেষ পর্যন্ত কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। ফলে এই সফরের লক্ষ্য নিয়ে সংবাদ সম্মেলনে কথা বললেন পাকিস্তানের টিম ম্যানেজার মোহাম্মদ উসমান। ইতিহাস ও ঐতিহ্যে এগিয়ে থাকলেও তিনি মনে করেন, মাঠের লড়াই পাকিস্তানের জন্য সহজ হবে না।

“কেউই সহজে জিততে পারে না। এটা প্রতিযোগিতা। আমি এশিয়া কাপে বাংলাদেশের খেলা দেখেছি, তারা ভালো দল, শারীরিকভাবে প্রস্তুত ও ফিট। আমি মনে করি, প্রতিটি ম্যাচই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও ভালো হকি। বাংলাদেশ মোটেও সহজ প্রতিপক্ষ নয়।”

পাকিস্তান অধিনায়ক শাকিল ভাটও অপেক্ষায় রোমাঞ্চকর ম্যাচের। প্রধান কোচ না থাকার প্রভাব মাঠের খেলায় পড়বে না বলে মনে করেন তিনি।

“এটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট, কারণ এখান থেকেই বিশ্বকাপের বাছাইপর্বে ওঠার সুযোগ রয়েছে। কোচ না থাকার কোনো প্রভাব পড়বে না। আমাদের ভালো সিস্টেম আছে, ভালো কোচিং স্টাফ আছে। পুরো দল একসঙ্গে কাজ করছে। তাই আমরা আগামীকালকের উত্তেজনাপূর্ণ ম্যাচের অপেক্ষায় আছি।”