দি মারিয়ার জন্য ইউভেন্তুসের অপেক্ষা
উদিনেজের বিপক্ষে আসছে ম্যাচে খেলতে পারেন এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার।
ক্রিমোনেসের বিপক্ষে কষ্টের জয়ের ম্যাচে খেলেননি আনহেল দি মারিয়া। ঠিক কবে নাগাদ ইউভেন্তুসের জার্সিতে ফুটবলের সবুজে ফিরবেন, তা নিশ্চিত নয় এখনও। তবে, ইতালির গণমাধ্যমের দেওয়া খবর, শিগগিরই খেলবেন দি মারিয়া।
বিশ্বকাপ অভিযান সফলভাবে শেষ করার পর ক্লাব ফুটবলে এখনও খেলা শুরু করেননি দি মারিয়া। তাকে ছাড়া ক্রিমোনেসের বিপক্ষে সবশেষ সেরি আর ম্যাচে ইউভেন্তুস জেতে ১-০ গোলে। লিগে টেবিলে তৃতীয় স্থানে থাকা ‘তুরিনের ওল্ড লেডি’দের সামনের পথচলার বড্ড প্রয়োজন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডারকে।
গোঁড়ালিতে হালকা চোট থাকায় ক্রিমোনেসের বিপক্ষে দি মারিয়াকে খেলাননি ইউভেন্তুস কোচ। চোটের থাবায় এ নিয়ে চলতি মৌসুমের শুরুর প্রথম ভাগে সেরি আ’য় ছয় ম্যাচে মাঠের বাইরে থাকলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
তুত্তোস্পোর্ত অবশ্য দি মারিয়াকে নিয়ে স্বস্তির খবরই দিয়েছে। তারা জানিয়েছে, শনিবার উদিনেজের বিপক্ষে বদলি নেমে কিছুটা সময় খেলতে পারেন বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার। যাতে করে নাপোলির বিপক্ষে পরের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তৈরি হতে পারেন পুরোপুরি। সেরি আর টেবিলে শীর্ষে আছে নাপোলি।
রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি ঘুরে গত বছরই ইউভেন্তুসে যোগ দেন দি মারিয়া। দলটির হয়ে অভিষেকে জয় পেলেও গত অগাস্টে ঊরুতে চোট পান তিনি। এই চোট কাতার বিশ্বকাপের সময়ও তাকে ভুগিয়েছে যথেষ্ট।
চোট কাটিয়ে লুসাইলের ফাইনালে ফিরেন দি মারিয়া। আলো ঝলমলে পারফরম্যান্স মেলে ধরে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়ার আগে আর্জেন্টিনাকে রাখেন জয়ের পথে। পরে ফ্রান্স ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা উৎসবে মাতে আর্জেন্টিনা।
মৌসুমের বাকিটা সময় ছন্দময় দি মারিয়াকে খুব করে চাইছে ইউভেন্তুস। এ কারণেই হয়ত হালকা চোটে থাকা এই তারকাকে নিয়ে ক্রিমোনেস ম্যাচে ঝুঁকি নিতে চাননি দলটির কোচ।
