১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেয়ালের বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য ‘খুবই উজ্জীবিত ও প্রস্তুত’ বায়ার্ন

ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী বায়ার্ন মিউনিখ গোলরক্ষক মানুয়েল নয়ার।

রেয়ালের বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য ‘খুবই উজ্জীবিত ও প্রস্তুত’ বায়ার্ন
অনুশীলনে বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 09:43 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

ব্যবধান স্রেফ এক গোলের। প্রতিপক্ষ দলটির নাম আবার রেয়াল মাদ্রিদ। লড়াইটা যে কঠিন হতে যাচ্ছে, জানেন মানুয়েল নয়ার। তবে এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকার কথাই বললেন বায়ার্ন মিউনিখ গোলরক্ষক।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে বুধবার ঘরের মাঠে রেয়ালের মুখোমুখি হবে বায়ার্ন। গত সপ্তাহে প্রতিপক্ষের মাঠ থেকে ২-১ গোলে জিতে এসেছে জার্মান চ্যাম্পিয়নরা।

নয়ার মঙ্গলবার সংবাদ সম্মেলনে রেয়ালকে নিয়ে সতর্ক থাকার কথা বললেন। তবে নিজেদের আত্মবিশ্বাসের যে কমতি নেই, সেটাও জানিয়ে দিলেন অভিজ্ঞ গোলরক্ষক।  

“একমাত্র সুবিধা হলো আমরা এক গোলে এগিয়ে আছি, কিন্তু প্রতিপক্ষ রেয়াল মাদ্রিদ, খুব কঠিন চ্যালেঞ্জ। আমরা ভাগ্যবান যে, দ্বিতীয় লেগটি ঘরের মাঠে খেলব এবং সমর্থকদের ওপর ভরসা রাখছি। আমরা খুবই উজ্জীবিত ও প্রস্তুত... কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আমরা অতীতে দেখেছি, রেয়াল মাদ্রিদ কীভাবে জিততে পারে।”

“এই প্রতিযোগিতায় তাদের রেকর্ড সম্পর্কে আমরা জানি, কিন্তু পেশাদার হিসেবে বর্তমানে থাকতে হবে। আর এখন আমরা এই রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলছি। এমন একটি দল, যারা তাদের ভালো দিনে যে কাউকে হারাতে পারে। আমরাও সেটা পারি। আমরা বের্নাবেউয়ে তাদের হারিয়েছি। আলিয়াঞ্জ অ্যারেনায় খেলাটা একটা সুবিধা।”

মানুয়েল নয়ার। ছবি: রয়টার্স

মানুয়েল নয়ার

লা লিগার শিরোপা লড়াইয়ে বার্সেলোনার চেয়ে অনেক পিছিয়ে পড়েছে রেয়াল। এই মৌসুমে তাদের শিরোপা জয়ের একমাত্র সম্ভাবনা বেঁচে আছে বলা যায় চ্যাম্পিয়ন্স লিগেই। ফলে সবকিছু উজাড় করে দিয়েই পরের ধাপে যাওয়ার চেষ্টা করবে স্প্যানিশ জায়ান্টরা। তবে প্রতিপক্ষের নিয়ে না ভেবে নিজেদের দিকেই মনোযোগ দিচ্ছেন নয়ার।

“আমরা এই পরিস্থিতি সম্পর্কে জানি। কিন্তু তাদের পরিস্থিতি নিয়ে আমি খুব বেশি ভাবতে চাই না, বরং নিজেদের নিয়েই ভাবতে চাই। আমরা যে জয়ের ধারায় আছি, আমরা যে এখনও প্রতিটি প্রতিযোগিতায় টিকে আছি- এই বিষয় নিয়েই ভাবছি। আমরা শুধু এসব নিয়েই ভাবছি।”