২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ অধিনায়কের চোখে সেরা মেসি, কোচের দৃষ্টিতে নেই সেরা তিনেও

ফিফা বর্ষসেরার লড়াইয়ে জামাল ভূঁইয়া সবার ওপরে রেখেছেন মেসিকে, তবে আর্জেন্টাইন তারকা ঠাঁই পাননি হাভিয়ের কাবরেরার শীর্ষ তিনে।

বাংলাদেশ অধিনায়কের চোখে সেরা মেসি, কোচের দৃষ্টিতে নেই সেরা তিনেও

ছবি: বাফুফে

স্পোর্টস ডেস্ক

Published : 16 Jan 2024, 11:13 AM

Updated : 16 Jan 2024, 04:56 PM

যাদের ভোটে ফিফার বর্ষসেরা হয়েছেন লিওনেল মেসি, তাদের মধ্যে আছেন জামাল ভূঁইয়াও। বাংলাদেশ অধিনায়কের চোখে গত বছরের সেরা ফুটবলার ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা শীর্ষ তিনেও রাখেননি মেসিকে।

দা বেস্ট ফিফা মেন’স অ্যাওয়ার্ডে এবার পয়েন্টে মেসি ও আর্লিং হলান্ড ছিলেন সমানে সমান। দুজনেরই স্কোরিং পয়েন্ট ছিল ৪৮। সেরার সেই লড়াইয়ে মেসি এগিয়ে গেছেন বিশ্বজুড়ে জাতীয় দলগুলির ভোট বেশি পাওয়ায়। জামালের ভোট তাই সরাসরিই সহায়তা করেছে আর্জেন্টাইন মহাতারকাকে।

বাংলাদেশ অধিনায়ক জামাল দুইয়ে রেখেছেন হলান্ডকেই, তিনে কেভিন ডে ব্রুইনে।

গত বছর অসাধারণ পারফর্ম করা হলান্ডকে সবার ওপরের রেখেছেন বাংলাদেশ কোচ কাবরেরা। স্প্যানিশ এই কোচের কাছে দুইয়ে ছিলেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি, তিনে সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া ইলকাই গিনদোয়ান।

সংবাদকর্মীদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ থেকে ভোট দিয়েছেন রায়হান মাহমুদ। হলান্ডকে সবার ওপরে রেখেছেন তিনি। তার কাছে মেসি ছিলেন দুইয়ে, তিনে গিনদোয়ান।

দা বেস্ট ফিফা মেন’স কোচের লড়াইয়ে অবশ্য সবার ভাবনা মিলে গেছে এক বিন্দুতে। বাংলাদেশের তিনটি ভোটই পেয়েছেন পেপ গুয়ার্দিওলা, পুরস্কারটি জিতেছেন যিনি।