২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আতলেতিকোকে নিয়ে না ভেবে বেতিসের বিপক্ষে শক্তিশালী দল খেলাবেন আনচেলত্তি

নিজেদের চোট সমস্যা নিয়েও চিন্তা করছেন না কার্লো আনচেলত্তি, তাকে বরং ভাবাচ্ছে রেয়াল বেতিসের ‘শক্তিশালী দল।‘

আতলেতিকোকে নিয়ে না ভেবে বেতিসের বিপক্ষে শক্তিশালী দল খেলাবেন আনচেলত্তি
রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2025, 07:45 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

কদিন বাদেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মুখোমুখি হতে হবে আতলেতিকো মাদ্রিদের। যাদের বিপক্ষে চলতি মৌসুমে এখনও জয়ের দেখা পায়নি রেয়াল মাদ্রিদ। তবে নগর প্রতিদ্বন্দ্বীদের নিয়ে এখনই ভাবতে চান না কার্লো আনচেলত্তি। সামনে যে আরেক কঠিন প্রতিপক্ষ রেয়াল বেতিস। লা লিগার শিরোপা লড়াইয়ে অবস্থান ধরে রাখতে আসছে ম্যাচে তাই কোনোরকম ঝুঁকি নিতে নারাজ রেয়াল মাদ্রিদ কোচ।

ঘরোয়া লিগে শনিবার বেতিসের মাঠে খেলবে শিরোপাধারীরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

এই ম্যাচের তিন দিন পর, আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আতলেতিকো বিপক্ষে ঘরের মাঠে খেলবে আনচেলত্তির দল। এবারের লা লিগায় দিয়েগো সিমেওনের দলের সঙ্গে দুইবারের দেখাতেই ১-১ ড্র করেছে তারা।

দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সের বিবেচনায় তাদের তৃতীয়বারের মুখোমুখি দেখায়ও নিশ্চয়ই হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু আপাতত সেটা নিয়ে চিন্তা না করে, বেতিসের ম্যাচের পরিকল্পনা আঁটছেন আনচেলত্তি।

লা লিগায় নিজেদের সবশেষ দুই ম্যাচ জিতে টেবিলে সপ্তম স্থানে আছে বেতিস। তাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার ভাবনা আছে কি-না, শুক্রবার সাংবাদিকদের এমন প্রশ্নে সরাসরি ‘না’ বলে দেন আনচেলত্তি।

“ভালো মোমেন্টাম নিয়ে আমরা এই ম্যাচে খেলতে নামব, অবশ্য বেতিসও ভালো ছন্দে আছে। ম্যাচটিতে দুই দলেরই অনেক কিছু পাওয়ার আছে।”

মৌসুম জুড়েই চোট সমস্যা ভাবাচ্ছে রেয়াল মাদ্রিদকে। মাঝে লম্বা সময়ে তাদের চার মূল ডিফেন্ডারের সবাই বাইরে ছিলেন। কিছুদিন আগে অবশ্য ডাভিড আলাবা, আন্টোনিও রুডিগার ফিরেছেন। সামান্য চোট সমস্যা কাটিয়ে লুকাস ভাসকেসও শুরুর একাদশে ফিরেছেন। আনচেলত্তিও তাই এই জায়গায় বেশ নির্ভার হয়ে উঠেছেন। 

“দল দারুণ অবস্থায় আছে। খেলোয়াড় রদবদল করে খেলানোয় আমরা ভালো করেছি। প্রতিপক্ষের শক্তিই আমাকে ভাবাচ্ছে, নিজেদের চোট সমস্যা নয়। এটা এমন একটা ম্যাচ, যেখানে যেকোনো কিছু হতে পারে।”

“মঙ্গলবারের কথা না ভেবে আমি সেরা দলকেই মাঠে নামাব, কারণ লা লিগার শিরোপা লড়াইয়ে এই তিন পয়েন্ট খুবই মূল্যবান। জটিল একটা ম্যাচ হতে যাচ্ছে।”

চলতি মাসে লিগে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকার পর গত সপ্তাহে জিরোনাকে ২-০ গোলে হারায় রেয়াল। তিন দিন পর কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগেও জাল অক্ষত রাখে তারা; রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পায় ১-০ গোলে।

মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফেদেরিকো ভালভের্দেকে অবশ্য বেতিসের বিপক্ষে পাচ্ছে না রেয়াল। শুক্রবারের অনুশীলনেও ছিলেন না তিনি।

“সে চোট পায়নি, তাকে বিশ্রামও দেওয়া হয়নি। তার কিছুটা অস্বস্তি আছে, সে ভালোমতো রিকভার করেনি। বেতিসের বিপক্ষে সে খেলবে না। তবে আতলেতিকোর বিপক্ষে আগামী ম্যাচের দলে সে থাকবে।”

২৫ ম্যাচে বার্সেলোনার সমান ৫৪ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রেয়াল মাদ্রিদ।