টানা ৩ হারের পরও দুর্ভাবনার কিছু দেখছেন না লিভারপুল কোচ
আর্না স্লটের মতে, যে ম্যাচগুলোয় তারা হেরেছে প্রতিটিতেই প্রতিপক্ষের সঙ্গে তার দলের ব্যবধান ছিল খুবই সামান্য।
মৌসুমে দারুণ শুরুর পর হুট করে যেন পথ হারিয়ে ফেলেছে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে পেয়েছে হারের তেতো স্বাদ। তারপরও অবশ্য দুশ্চিন্তার কিছু দেখছেন না আর্না স্লট। ইংলিশ ক্লাবটির কোচের মতে, যে ম্যাচগুলোয় তারা হেরেছে সেখানে প্রতিপক্ষের সঙ্গে তার দলের ব্যবধান ছিল অতিসামান্য।
প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ২-১ গোলে হেরে যায় লিভারপুল। লিগে আগের ম্যাচে একই ব্যবধানে তারা হেরেছিল ক্রিস্টাল প্যালেসের মাঠে। এই দুই ম্যাচের মাঝে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের বিপক্ষে তাদের পরাজয়ে ১-০ গোলে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ের পর কক্ষচ্যুত হয়ে পড়েছে লিভারপুল। ২০২৩ সালের মার্চ-এপ্রিলের পর প্রথমবার টানা তিন পরাজয়ের তেতো অভিজ্ঞতা হলো অ্যানফিল্ডের ক্লাবটির।
লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম পরপর তিন ম্যাচে হারলেন স্লটও।
স্টামফোর্ড ব্রিজে শনিবার প্রথমার্ধে ছন্দ খুঁজে ফেরে লিভারপুল। সেই সুযোগে ম্যাচের চতুর্দশ মিনিটে চেলসিকে এগিয়ে নেন মোইসেস কাইসেদো। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে কোডি হাকপোর গোলে সমতায় ফেরে লিভারপুল।
এক পয়েন্ট নিয়ে ফেরার পথেই ছিল স্লটের দল। কিন্তু অন্তিম সময়ে পাল্টে যায় দৃশ্যপট। সাত মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান গড়ে দেন চেলসির ১৮ বছর বয়সী এস্তেভো উইলিয়ান।
লিগে গত রাউন্ডেও একই অভিজ্ঞতা হয়েছিল লিভারপুলের। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে যোগ করা সময়ের সপ্তম মিনিটে গোল হজম করে হেরেছিল শিরোপাধারীরা।
গত জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জটা। এরপর এবারের গ্রীষ্মের দলবদলে ক্লাব ছেড়ে যান লুইস দিয়াস, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের মতো তারকারা। তবুও মৌসুমের শুরুটা ভালোই করে দলটি।
কিন্তু লিগ শিরোপা ধরে রাখার অভিযানে টানা দুই হার দলটির জন্য স্বাভাবিকভাবেই বড় ধাক্কা। তবে ভয়ের কোনো কারণ দেখছেন না স্লট।
“ম্যাচটি আমরা জিততে পারলে কিংবা ড্র হলে ভালো হতো- দুটো ফলই সম্ভব ছিল, বলছি না যে এটা আমাদের প্রাপ্য ছিল, তবে ড্র অবশ্যই আমাদের প্রাপ্য ছিল-তাতে এবারের গ্রীষ্মে লিভারপুলে যা ঘটেছে, সেই বিবেচনায় মৌসুমে আমাদের শুরুটা দারুণ হতো।”
চেলসির বিপক্ষে হেরে পয়েন্ট তালিকায় শীর্ষে ফেরার সুযোগ হারিয়েছে লিভারপুল।
শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে ওঠে আর্সেনাল। সাত ম্যাচে তাদের পয়েন্ট ১৬। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল।
