২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে দাঁড়িয়ে মোহামেডানকে হারাল আবাহনী

‘অলিম্পিক গোল’ করে দারুণ শুরু পেলেও শেষটা ভালো হয়নি মোহামেডানের।

ঘুরে দাঁড়িয়ে মোহামেডানকে হারাল আবাহনী
আবাহনী। ফাইল ছবি

বিডিনিউজ২৪

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2026, 06:19 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

তৃতীয় মিনিটে ‘অলিম্পিক গোল’ করে মোহামেডানকে এগিয়ে নিলেন মোজাফ্ফর মোজাফ্ফরভ। প্রথমার্ধেই মিরাজুল ইসলামের গোলে ঘুরে দাঁড়াল আবাহনী। দ্বিতীয়ার্ধে সুলেমানে দিয়াবাতের লক্ষ্যভেদে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিতল আকাশি-নীল জার্সিধারীরা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী। এ নিয়ে লিগে তিন বছর পর সাদাকালো জার্সিধারীদের বিপক্ষে জিতল তারা।

লিগে অবশ্য সময়টা ভালো যাচ্ছে না মোহামেডানেরও। তবে গত ছয় ম্যাচে জয়হীন থাকা আলফাজ আহমেদের দল পায় দারুণ শুরু। তৃতীয় মিনিটে বাম দিক থেকে নেওয়া মোজাফ্ফরভের কর্নার বাঁক খেয়ে সরাসরি জালে জড়ায়।

এগিয়ে যাওয়া গোল মোহামেডান আগলে রাখতে পারেনি বেশিক্ষণ। সপ্তদশ মিনিটে এমেকা ওগবাহর পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মিরাজুল। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকে মোহামেডানের রক্ষণে চাপ দিতে থাকে আবাহনী। ৬৬তম মিনিটে গোলের দেখাও পেয়ে যায় তারা। একাধিক খেলোয়াড়কে কাটিয়ে এমেকা পাস বাড়ান দিয়াবাতেকে। ছোট বক্সের উপর প্রথম প্রচেষ্টায় বলের নিয়ন্ত্রণ নিয়ে শরীর ঘুরিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মালির এই ফরোয়ার্ড। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে প্রথম গোল বলে দিয়াবাতের উদযাপন ছিল সাদামাটা।

১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। ১১ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে নেমে গেছে মোহামেডান। এক ম্যাচ কম খেলা বসুন্ধরা কিংস ২৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।