০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সবার আগে দলবদল সারল ফর্টিস এফসি

মামুনুল ইসলাম, শাখাওয়াত হোসেন রনির মতো অভিজ্ঞদের সঙ্গে পিয়াস আহমেদ নোভার মতো তরুণদের মিশেলে দল গুছিয়ে নিয়েছে ফর্টিস এফসি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2024, 08:37 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগ সামনে রেখে সবার আগে দল গুছিয়ে নিয়েছে ফর্টিস এফসি। এরই মধ্যে দেশি-বিদেশি মিলিয়ে ৩৩ জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা ও নিবন্ধন সেরে নিয়েছে দলটি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সোমবার নিবন্ধন প্রক্রিয়া শেষ করে ফর্টিস। আসছে মৌসুমের দলবদল শেষ হবে আগামী ২২ অগাস্ট। ১৯ অগাস্ট শেষ হওয়ার কথা থাকলেও বাফুফের অনুরোধে ফিফা তিন দিন সময় বাড়িয়েছে।

ক্ষমতার পালাবদলে ক্রীড়াঙ্গনেও চলছে অস্থিরতা। এরই মধ্যে শেখ রাসেল ক্রীড়া চক্র বাফুফেকে জানিয়ে দিয়েছে, আসছে লিগে অংশ নেবে না তারা।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর লিগে অংশ না নেওয়ার সম্ভাবনা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। দল দুটি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। দলবদলের কার্যক্রম থেকেও আছে দূরে।

এমন সময়ে দল গুছিয়ে নিল গত লিগে পঞ্চম হওয়া ফর্টিস। গতবারের লিগ টেবিলে তারা শেখ রাসেল, চট্টগ্রাম আবাহনী ও শেখ জামালের উপরে ছিল।

এবারের দল গঠনেও ফর্টিস প্রাধান্য দিয়েছে অভিজ্ঞ ও তরুণদের মিশেলকে। মামুনুল ইসলাম, শাখাওয়াত হোসেন রনির মতো অভিজ্ঞদের সঙ্গে আছে জাতীয় অনূর্ধ্ব-২০ দলে খেলা পিয়াস আহমেদ নোভার মতো তরুণরাও।

জাতীয় দলে খেলা মোহাম্মদ আব্দুল্লাহ, বিপলু আহমেদ, আতিকুর রহমান ফাহাদও আছেন স্কোয়াডে। বিদেশিদের মধ্যে আছেন উজবেকিস্তানের ডিফেন্ডার জাসুর জুমায়েভ, গাম্বিয়ার দুই ফরোয়ার্ড ওমার সার ও পা ওমার বাবু, ইউক্রেইনের ফরোয়ার্ড ভ্যালেরি রিশিন।

গণআন্দোলনে সরকার পতনের পর আবাহনীর মতো ফর্টিস এফসিও ভাংচুরের শিকার হয়। ড্রেসিংরুম, মাঠ রক্ষণাবেক্ষণের সরঞ্জাম ভাংচুর করেন এক দল বিক্ষোভকারী। তবে এই বিরূপ পরিস্থিতির মধ্যেও খেলোয়াড়দের চুক্তি অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হয়েছে বলে জানালেন ক্লাবটির ম্যানেজার রাশেদুল ইসলাম।

“এই পরিস্থিতির মধ্যেও নিয়ম অনুযায়ী আমরা গত ৭ অগাস্টই খেলোয়াড়, স্টাফদের বেতন দিয়েছি। এবার যাদের নিবন্ধন করিয়েছি, তাদেরকেও চুক্তি অনুযায়ী যেভাবে, যতটুকু অর্থ দেওয়ার কথা ছিল, এরই মধ্যে সেটাও দিয়ে দিয়েছি আমরা।”