উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ
Published : 31 May 2026, 06:29 PM
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না আফঈদা খন্দকারের। কদিন আগে হারিয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়কত্ব। এবার সেরা একাদশে জায়গা হারালেন এই ডিফেন্ডার। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে বেঞ্চে রেখে খেলতে নামবে বাংলাদেশ।
গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে রোববার উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হওয়ায় এই ম্যাচ দুই দলের জন্য ‘বি’ গ্রুপের সেরা হওয়ার লড়াই।
মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে আসা ভারত গ্রুপ সেরা হওয়ার পথে এগিয়ে আছে। বাংলাদেশের বিপক্ষে ড্র করলেই চলবে প্রতিযোগিতাটির রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের। অন্যদিকে, ঋতুপর্ণাদের সামনে জয় ছাড়া অন্য পথ খোলা নেই।
গত সাফে গ্রুপ পর্বে ভারতকে ৩-১ গোলে হারানো ম্যাচের ১৯তম মিনিটে দারুণ শটে লক্ষ্যভেদ করেছিলেন আফঈদা। ওই ম্যাচে প্রতিপক্ষের শক্তিশালী আক্রমণভাগের বিপক্ষে রক্ষণেও তিনি ছিলেন বড় নির্ভরতা। তার নেতৃত্বেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো উইমেন’স এশিয়ান কাপ ও অনূর্ধ্ব-২০ উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগত্য অর্জন করেছিল বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সে ভাটার টানে অধিনায়কত্ব হারান আফঈদা। দলের নেতৃত্বের ভার ওঠে দুটি উইমেন’স সাফ জয়ী অভিজ্ঞ মিডফিল্ডার মারিয়া মান্দার কাঁধে। নতুন অধিনায়কের হাত ধরে চলতি সাফে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছে দল।
ওই ম্যাচে রক্ষণের দৃঢ়তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৫৭তম মিনিটে আফঈদার অভাবনীয় ভুলেই সমতায় ফিরে দ্বীপ দেশটি; ওই মুহূর্তে সময় ও সুযোগ থাকলেও আমিনাথ ফাজলাকে চার্জ করেননি আফঈদা। বল নিয়ে বেরিয়ে গিয়ে, ঝাঁপিয়ে পড়া মিলি আক্তারকে পরাস্ত করেন আমিনাথ। ম্যাচ শেষে আফঈদার সরাসরি সমালোচনা না করলেও বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার বলেছিলেন, কারো কারো পারফরম্যান্সে হতাশ তিনি।
ভারত ম্যাচ সামনে রেখে শনিবার ডন বস্কো গ্রাউন্ডে অনুশীলনে অনেকটাই পরিষ্কার হয়ে যায়, আফঈদার সেরা একাদশে জায়গা হারানোর বিষয়টি। তবে, বাটলার তখন বলেছিলেন, ম্যাচের দিন চূড়ান্ত করবেন শুরু থেকে কোন ১১ জন নামবে মাঠে। অনুমিতভাবে, সেখানে নেই আফঈদা। তার মতো জায়গা হারিয়েছেন উমহেলা মারমাও।
শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, সুরভি আকন্দ আরফিন ও সুরমা জান্নাতকে নিয়ে রক্ষণ সাজিয়েছেন বাটলার। পোস্টে আছেন মিলিই। মাঝমাঠে মনিকা চাকমা ফিরেছেন। তার সাথে আছেন মারিয়া ও মোমিতা খাতুন। আক্রমণভাগে আনিকা রানিয়া সিদ্দিকী, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।