২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

আমিরুলের হ্যাটট্রিক, তবু অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

হার দিয়ে জুনিয়র হকি বিশ্বকাপে যাত্রা শুরু হলো বাংলাদেশের।

আমিরুলের হ্যাটট্রিক, তবু অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের
অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল বাংলাদেশ। ছবি: এশিয়ান হকি ফেডারেশন ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 07:19 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

প্রথম কোয়ার্টারেই জালের দেখা পেলেন আমিরুল ইসলাম। এরপর আরও দুইবার লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণের আনন্দে মাতলেন তিনি, কিন্তু প্রাপ্তির পূর্ণতায় পারলেন না ভাসতে। গোলমুখে দলের অন্যদের ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে জুনিয়র হকি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ।

ভারতের তামিলনাড়ুতে পুল-এফ এর ম্যাচে শনিবার ৫-৩ গোলে হেরেছে বাংলাদেশ। ১৪, ৪২ ও ৫৯তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন আমিরুল।

এই ম্যাচে অনুমিতভাবেই ফেভারিট ছিল প্রতিযোগিতার সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শুরুটাও তারা করে দারুণ, প্রথম মিনিটেই উইল অলিভারের ফিল্ড গোলে এগিয়ে যায় দলটি। প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার (পিসি) থেকে সমতা ফেরান আমিরুল। 

দ্বিতীয় কোয়ার্টারে তিন গোল করে চালকের আসনে বসে প্রতিযোগিতার ১৯৯৭ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে আমিরুল ফের জালের দেখা পেলে ম্যাচে প্রাণ ফিরে কিছুটা, কিন্তু চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ পারেনি চমক দেখাতে। এই কোয়ার্টারে এক গোল হজমের পর শেষ দিকে হ্যাটট্রিক পূরণ করেন আমিরুল, তাতে কেবল হারের ব্যবধানই কমে।

পুল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার, যারা শনিবারই ফ্রান্সের বিপক্ষে হেরেছে ১১-১ গোলের বড় ব্যবধানে।