‘কোয়াড্রপল’ জয়ের সম্ভাবনার প্রশ্নে পাল্টা প্রশ্ন ছুড়লেন আর্তেতা
চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের দ্বিতীয় ধাপেও আর্সেনালের সামনে কোনো জায়ান্ট দল পড়ছে না, এতেই এই আলোচনা নতুন মাত্রা পেয়েছে।
কেবল প্রিমিয়ার লিগেই নয়, অন্য সব প্রতিযোগিতায়ও যে ছন্দে এগিয়ে চলেছে আর্সেনাল, তাতে আগে থেকেই মৌসুমে তাদের চার বড় শিরোপার সবগুলো জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ড্রয়ে তুলনামূলক ‘কিছুটা সহজ পথ’ পাওয়ায় সেই আলোচনায় বাড়তি রসদ যোগ হয়েছে। কিন্তু দলটির কোচ মিকেল আর্তেতা বিষয়টি নিয়ে ভাবতেই চান না।
চ্যাম্পিয়ন্স লিগে শুক্রবার শেষ ষোলোর ড্রয়ে প্লে-অফ পেরিয়ে আসা বায়ার লেভারকুজেনকে পেয়েছে আর্সেনাল। যেখানে তারা প্রাথমিক পর্বে একমাত্র দল হিসেবে আট ম্যাচের সবগুলো জিতেছে।
কেবল এই প্রতিযোগিতাতেই নয়, নিজ নিজ ঘরোয়া লিগেও দুই দলের পথচলায় আকাশ-পাতাল তফাৎ। আর্সেনাল আছে প্রিমিয়ার লিগের শীর্ষে, আর লেভারকুজেন বুন্ডেসলিগার শিরোপা লড়াইয়ের ধারেকাছে নেই।
লেভারকুজেনকে হারাতে পারলে কোয়ার্টার-ফাইনালে আসরের চমক বোদা/গ্লিম্ট অথবা পর্তুগিজ ক্লাব স্পোর্তিংয়ের মুখোমুখি হবে আর্সেনাল। নরওয়ের এই ক্লাবটি এবার ছিটকে পড়ার দুয়ারে দাঁড়িয়ে প্রাথমিক পর্বের শেষ দুই রাউন্ডে হারিয়ে দেয় ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদকে। এরপর প্লে-অফের দুই লেগেই তারা হারায় গতবারের রানার্সআপ ইন্টার মিলানকে।
আর স্পোর্তিং তো প্রাথমিক পর্বে আট ম্যাচের পাঁচটি জিতে ও একটি ড্র করে সরাসরি নকআউট পর্বে উঠেছে।
তবে, শক্তি-সামর্থ্যের বিবেচনায় এই দলগুলোর কোনোটিই আর্সেনালের কাছাকাছি নয়। ইতোমধ্যে লিগ কাপের ফাইনালেও ওঠা দলটি এফএ কাপের পঞ্চম রাউন্ডে খেলবে ম্যান্সফিল্ড টাউনের বিপক্ষে।
দারুণ এই পথচলায় রোববার প্রিমিয়ার লিগে চেলসির মুখোমুখি হবে আর্সেনাল। ঘরের মাঠে হাইভোল্টেজ ম্যাচের আগে শুক্রবার সাংবাদিকদের ‘কোয়াড্রপল’ নিয়ে প্রশ্নে বর্তমানে থাকার কথা বললেন আর্তেতা।
“(লিগের) শিরোপা লড়াইয়ে সবার সামনে থাকতে পেরে আমরা দারুণ রোমাঞ্চিত এবং দল যে ধারাবাহিকভাবে পারফর্ম করছে, তাতে দারুণ কিছুর হাতছানিতে সবার মাঝে অনেক আত্মবিশ্বাস বাড়ছে এবং ইতিবাচক আবহ যোগ করছে।”
“তবে আমরা কেবল বর্তমানে মনোযোগ দিতে পারি। আর ঠিক এখানেই আমরা আমাদের সব শক্তি প্রয়োগ করতে পারি, আর সেটা হলো রোববার।”
এরপর আবারও ঘুরেফিরে আগের প্রশ্নে ফিরে যান সাংবাদিকরা। চার শিরোপার সবগুলো জয়ের সম্ভাবনা নিয়ে একদমই ভাবছেন না আর্তেতা?
“সত্যি বলতে, না, ফল নিয়ে খুব একটা ভাবছি না। এভাবে এগিয়ে যেতে এবং দল হিসেবে যে কক্ষপথে আছি, তা ধরে রাখতে কী করতে হবে, সেটাই আমার মূল লক্ষ্য এবং এখান থেকে অবশ্যই উন্নতি করতে হবে।”
“আর এই (কোয়াড্রপল) কখনও কি কেউ জিতেছে? এতেই বোঝা যায়, এটা কতটা কঠিন। ম্যাচ ধরে এগোনো যাক এবং প্রতিটি প্রতিযোগিতার শেষ ধাপে পৌঁছানোর যোগ্যতা অর্জন করতে হবে আগে। তখন দেখা যাবে কী হয়।
