১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জটার জার্সি গায়ে রোনালদো বললেন, ‘জানতাম, সে সঙ্গেই আছে’

দিয়োগো জটার মৃত্যুবার্ষিকীতে তার ২১ নম্বর জার্সি গায়ে চাপিয়েই ম্যান অব দা ম্যাচ পুরস্কার নিতে যান ক্রিশ্চিয়ানো রোনালদো।

জটার জার্সি গায়ে রোনালদো বললেন, ‘জানতাম, সে সঙ্গেই আছে’
দিয়োগো জটার জার্সি গায়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2026, 10:45 AM

Updated : 11 Sep 2026, 03:34 PM

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি পর্তুগাল খেলেছে ‘অ্যাওয়ে’ জার্সি গায়ে। কিন্তু ম্যাচ শেষের একটু পর ক্রিশ্চিয়ানো রোনালদোর গায়ে দেখা গেল চেনা সেই মেরুন জার্সি। তবে জার্সির পেছনের নম্বর ‘৭’ নয়, বরং ‘২১।’ নাম যদিও লেখা নেই, তবে সবাই জানেন। ওটা দিয়োগো জটার জার্সি। সেই জার্সি গায়ে ম্যাচ-সেরার পুরস্কার নিয়ে পর্তুগাল অধিনায়ক বললেন, জটাকে তারা দলের একজন হিসেবেই অনুভব করেন সবসময়।

টরন্টোতে বাংলাদেশ সময় শুক্রবার সকালের ম্যাচটিতে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে যায় পর্তুগাল। 

টুর্নামেন্টের পথচলায় ম্যাচটি তো গুরুত্বপূর্ণ ছিলই। পর্তুগালের জন্য এই ম্যাচ আরও বিশেষ কিছু ছিল অন্য কারণেও। টরন্টোতে খেলা ২ জুলাই হলেও পর্তুগালে ততক্ষণে ৩ জুলাই হয়ে গেছে। গত বছর যে দিনটিতে পুরো ফুটবল বিশ্বকে কাটিয়ে বিদায় নিয়েছিলেন জটা। দুর্ঘটনায় প্রাণ হারানো তারকার প্রথম মৃত্যুবার্ষিকীতে ম্যাচটি গোটা দলের জন্য ছিল আবেগময়।

পর্তুগালের কোচ রবের্তো মার্তিনেস বিশ্বকাপের আগেই বলেছিলেন, তার স্কোয়াডে সদস্য সংখ্যা ২৬+১। দলের সম্মানিত সদস্য হিসেবে থাকনে জটা। টুর্নামেন্টজুড়ে তার প্রসঙ্গ এসেছে বারবার ঘুরেফিরে। এই ম্যাচের আগে তো আবেগের জোয়ার বয়ে গেছে।

সেই স্রোত দেখা গেল ম্যাচের পরও। জটার জার্সি গায়েই মাঠে উদযাপন করলেন রোনালদো, সমর্থকদের অভিবাদনের জবাব দিলেন। সেই জার্সি গায়েই ম্যাচ সেরার পুরস্কার নিলেন। ম্যাচের পর ফক্স টিভিকে বললেন, তাদের কাছে এটা স্রেফ একটি ম্যাচ জয়ের চেয়েও বেশি কিছু। 

“খেলার আগে থেকেই আমরা জানতাম, এটা খুবই বিশেষ মুহূর্ত। আজ মাঠে নামার আগে আমরা কথা বলেছি  জীবনের কাকতালীয় ঘটনাগুলো নিয়ে, অবিশ্বাস্য কত কিছু হয়!”

“আমি অভিভূত হয়ে গেছি… কারণ আজকের পরিস্থিতি আমাদের কাছে অনেক অর্থ বহন করে, শুধু ম্যাচটা জেতার কারণেই নয়, বরং যেভাবে আমরা জিতেছি তার জন্যও।”

দিয়োগো জটার জার্সি হাতে রোনালদো ও সতীর্থরা। ছবি: রয়টার্স।

দিয়োগো জটার জার্সি হাতে রোনালদো ও সতীর্থরা

ম্যাচে পিছিয়ে পড়া পর্তুগাল সমতায় ফেরে রোনালদোর গোলে। বিশ্বকাপ ইতিহাসে গোলকিপারদের বাইরে সবচেয়ে বেশি বয়সে নকআউট ম্যাচ খেলার রেকর্ড গড়ার দিনে সবচেয়ে বেশি বয়সে গোলের কীর্তিও গড়েন তিনি। পরে শেষ সময়ের মহানাটকীয়তায় ২-১ গোলের জয় পায় তারা। 

পরে পর্তুগালের স্পর্ত টিভিকে অধিনায়ক বলেন, “আমরা জানতাম, সে আমাদের সঙ্গেই আছে। তাকে সবচেয়ে ভালোভাবে সম্মান জানাতে জয়টাই সবচেয়ে উপযুক্ত ছিল।”

পরে জটার জার্সি সামনে রেখে গোটা দলকে নিয়ে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে রোনালদো লিখেছেন, "আমরা জিতেছি আমাদের জন্য, দিয়োগো এবং পর্তুগালের জন্য। চলো...।"

যোগ করা সময়ে গোল করে পর্তুগালের শেষের নায়ক গসালো রামোসও বললেন, জটা তাদের প্রতিদিনের প্রেরণার উৎস। 

“প্রতিটি দিনই বিশেষ, কারণ আমরা প্রতিদিন তাকে (জটা) নিয়ে কথা বলি। সে আমাদের শক্তি জোগায়। আজকের দিনটিতে জিততে পারা এবং টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ একটি পর্বে পৌঁছানোটা খুবই স্পেশাল।”

পর্তুগালের এই জয় জটার জন্য, বললেন ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা খাফায়েল লেয়াও। 

“আবেগের কথা বলতে গেলে, আমরা সবসময় বিশ্বাস রেখেছি, একেবারে শুরু থেকেই বিশ্বাস ছিল। পাশাপাশি আরও একটি বাড়তি গুরুত্বপূর্ণ বিষয় ছিল- দিয়োগো জটা, যে সবসময় আমাদের সঙ্গে থাকে এবং আমাদের সহায়তাও করেছে।”

জটার বিশ্বাস ও দর্শনকে ধারণ করেই এই দল এগিয়ে চলেছে, বললেণ কোচ মার্তিনেস। 

"শক্তি ও উদ্যমের সুন্দর প্রতীক সে (জটা) এবং দলের জন্য সে কতটা, তারই প্রতিফলন (এই জয়)। সে এমন একজন ছিল, যে সবসময় বিশ্বাস রাখত। দিয়োগোর প্রতি আমাদের দায়িত্ব আছে এবং আমরা এই ধারা অব্যাহত রাখব।"