২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল

পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা লন্ডনে খেলবে সেনেগালের বিপক্ষে, লিলে মুখোমুখি হবে তিউনিসিয়ার।

নভেম্বরে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল
ব্রাজিল জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 12:56 AM

Updated : 26 Aug 2026, 02:29 PM

এশিয়ার পর এবার আফ্রিকার দুই দলের মুখোমুখি হবে ব্রাজিল। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপে তারা খেলবে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে। 

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বৃহস্পতিবার জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল। এর তিন দিন পর ফ্রান্সের লিলে মুখোমুখি হবে তিউনিসিয়ার। 

সিবিএফ বলছে, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের মূল‍্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে এভাবে সূচি সাজানো হয়েছে। 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব শেষে চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে এশিয়ার দুই দল দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলে ব্রাজিল। প্রথম ম‍্যাচে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা দক্ষিণ কোরিয়াকে হারায় ৫-০ গোলে। পরের ম‍্যাচে ২-০ ব‍্যবধানে এগিয়ে গিয়েও জাপানের বিপক্ষে হারে ৩-২ গোলে। 

রেয়াল মাদ্রিদ ছেড়ে গত মে মাসে ব্রাজিলের কোচ হিসেব যোগ দেন আনচেলত্তি। দল গুছিয়ে নেওয়ার জন‍্য খুব বেশি সুযোগ পাননি তিনি। এখন বিশ্বকাপের প্রস্তুতির জন‍্য এমনভাবে প্রতিপক্ষ বাছাই করা হচ্ছে যেন খেলোয়াড়রা বিভিন্ন ঘরানার খেলার ধরনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। 

ব্রাজিল ইঙ্গিত দিয়েছে যে, পরবর্তী প্রীতি ম‍্যাচে ইউরোপের দুটি শীর্ষ দলের বিপক্ষে যুক্তরাষ্ট্রে খেলতে পারে তারা। আগামী মার্চের মধ‍্যে শুরুর একাদশ ঠিক করতে চায় ব্রাজিল। ভক্তদের সঙ্গে বন্ধন জোরদার করতে সবশেষ প্রীতি ম‍্যাচ খেলতে চায় রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে। সেখান থেকে যেতে চায় বিশ্বকাপে।

আসন্ন প্রীতি ম‍্যাচ দুটি আফ্রিকার দুটি শক্তিশালী দলের বিপক্ষে ব্রাজিলের নিজেদের সামর্থ‍্য পরীক্ষা করে নেওয়ার সুযোগ। দুই বছর আগে লিসবনে সেনেগালের বিপক্ষে সবশেষ প্রীতি ম‍্যাচে ৪-২ গোলে হেরেছিল ব্রাজিল। সুশৃঙ্খল রক্ষণের জন‍্য পরিচিত তিউনিসিয়া গত মাসে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করে, দুই ম‍্যাচ বাকি থাকতেই।