২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে অঘটন ঘটাতে চায় ছোট্ট কুরাসাও

প্রাপ্তির ঢেকুর না তুলে নতুন চমক দেখানোর স্বপ্ন দেখছে ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের দেশটি।

বিশ্বকাপে অঘটন ঘটাতে চায় ছোট্ট কুরাসাও
ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2026, 04:52 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

ক্যারিবিয়ান সাগরের ছোট্ট এক দ্বীপ রাষ্ট্র কুরাসাও, সাংবিধানিকভাবে যারা নেদারল্যান্ডস রাজ্যের অংশ। যে দেশের জনসংখ্যা মাত্র এক লাখ ৫৬ হাজার। সেই তারাই ফুটবলের দুনিয়ায় ইতোমধ্যে বড় এক ছাপ ফেলে দিয়েছে বিশ্বকাপের টিকেট কেটে। তবে, এই প্রাপ্তিতে তৃপ্তির ঢেকুর না তুলে আরও অর্জনের পথে ছুটতে চায় ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের দেশটি।

কনক্যাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাই উতরানোর মধ্য দিয়েই নতুন ইতিহাসের জন্ম দেয় কুরাসাও; সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে এই প্রতিযোগিতার মূল মঞ্চে ওঠে তারা।

এক স্বপ্ন পূরণ করে এবার আরেক স্বপ্ন দেখতে শুরু করেছে কুরাসাও, বিশ্বকাপের মূল মঞ্চেও অবিশ্বাস্য কিছু করে দেখাতে চায় তারা। যেখানে ‘ই’ গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ হলো জার্মানি, কোত দি ভোয়া ও একুয়েডর।

প্রাপ্তির ঝুলিতে নতুন কিছু যোগ করার লক্ষ্যে বিশ্বকাপে অঘটন ঘটতে চান দলটির নতুন কোচ ফ্রেড রাটান। আর সেটা চারবারের বিশ্ব্ চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে হলে দারুণ হবে, সোমবারের সংবাদ সম্মেলনে বললেন তিনি।

“(গ্রুপ পর্বে) আমাদের তিনটি সুযোগ আছে এবং প্রথম সুযোগটি জার্মানির বিপক্ষে। তাই আমাদের জন্য, প্রথম ম্যাচেই সব কিছুর শেষ নয়।”

“সাধারণত, বিশ্ব চ্যাম্পিয়নশিপ হোক কিংবা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, সবখানেই চমক থাকে। আর এই বছর সেটা আমাদের জন্য কেন নয়? আমাদের দলটা লড়াকুদের নিয়ে গড়া এবং তারা কখনও হাল ছাড়ে না।”

এবারের উত্তর আমেরিকা বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ১১ জুন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আসরটি চলবে ১৯ জুলাই পর্যন্ত।

আগামী ১৪ জুন জার্মানির বিপক্ষে লড়াই দিয়ে স্বপ্নের পথে যাত্রা করবে কুরাসাও।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ৮২ নম্বর দলটি বিশ্বকাপের জন্য শেষ ধাপের প্রস্তুতি শুরু করেছে। এর শুরুটা যদিও তাদের ভালো হয়নি; গত শুক্রবার চীনের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে হেরেছে কুরাসাও।

যার কোচিংয়ে বিশ্বকাপে ওঠার অবিশ্বাস্য কীর্তি গড়েছে কুরাসাও, সেই গ্রেট ডিক অ্যাডভোকেটের স্থলাভিষিক্ত রাটানের কোচিংয়ে মঙ্গলবার মেলবোর্নে দ্বিতীয় ম্যাচ খেলবে দলটি, স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে।