২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে লুটিয়ে পড়ার পর দক্ষিণ আফ্রিকান ফুটবলারের মৃত্যু

২২ বছর বয়সেই চলে গেলেন ডারবান সিটির ডিফেন্ডার সিনামান্ডলা জোন্ডি।

মাঠে লুটিয়ে পড়ার পর দক্ষিণ আফ্রিকান ফুটবলারের মৃত্যু
সিনামান্ডলা জোন্ডি। ছবি: ডারবান সিটি এক্স পাতা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2025, 08:09 PM

Updated : 10 Sep 2026, 12:40 PM

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় স্তরের ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় মাটিতে লুটিয়ে পড়েন সিনামান্ডলা জোন্ডি। দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ডারবান সিটির এই ডিফেন্ডারকে। 

ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে খবরটি। মঙ্গলবার মিলফোর্ড এফসির বিপক্ষে ম্যাচের আগে ঘটে হৃদয়বিদারক এই ঘটনা।

২২ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবর জানার পর প্রথমার্ধের শেষে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

পেশাদার ফুটবলে জোন্ডির অভিষেক হয় ২০২১ সালের সেপ্টেম্বরে। এই মৌসুমে ক্লাবের হয়ে নিয়মিত খেলছিলেন তিনি।

দ্বিতীয় স্তরের পয়েন্ট টেবিলে চূড়ায় থাকা ডারবান সিটি আগামী মৌসুমে দক্ষিণ আফ্রিকার শীর্ষ লিগে ওঠার পথে আছে।