যে কারণে ডিওমান্ডের রেয়াল মাদ্রিদে যাওয়া বিলম্বিত
সবকিছু প্রায় চূড়ান্ত হয়ে গেলেও ঝুলে আছে ইয়ান ডিওমান্ডের রেয়াল মাদ্রিদে যোগ দেওয়া।
লাইপজিগ থেকে ইয়ান ডিওমান্ডের রেয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়াটা আইনি জটিলতার মুখে পড়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ এর খবর, আইভরি কোস্টের এই উইঙ্গারের প্রতিনিধিত্ব নিয়ে দুটি এজেন্সির মধ্যে বিবাদের কারণে তার দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা বিলম্বিত হচ্ছে।
একদিকে রয়েছে আইভরি কোস্টের সাবেক ফুটবলার মাক্স গ্রাদেলের নেতৃত্বাধীন এজেন্সি মাক্সিদেল ম্যানেজমেন্ট। অন্যদিকে আছে মার্কিন র্যাপার জে-জি-র মালিকানাধীন এজেন্সি রক নেশন, যারা বর্তমানে ডিওমান্ডের প্রতিনিধিত্ব করছে।
রক নেশনের মাধ্যমে রেয়াল মাদ্রিদ দলবদলের বিষয়ে আলোচনা করায় চুক্তি লঙ্ঘন হয়েছে, এই দাবিতে ফিফার কাছে একটি অভিযোগ দায়ের করেছে মাক্সিদেল।
এর আগে লেগানেস থেকে ডিওমান্ডের লাইপজিগে যোগ দেওয়ার পুরো বিষয়টি সামলেছিল মাক্সিদেল। এজেন্সিটির দাবি, চুক্তির শর্ত অনুযায়ী লাইপজিগ ছাড়ার আগপর্যন্ত খেলোয়াড়ের ওপর তাদের অধিকারই বহাল রয়েছে।
এই বিবাদ এখন দুটি এজেন্সির গণ্ডি ছাড়িয়ে ডিওমান্ডের দলবদলকে সরাসরি প্রভাবিত করছে। ফিফার নিয়ম অনুযায়ী, বিষয়টি সাময়িকভাবে সান্তিয়াগো বের্নাবেউয়ে উইঙ্গারের নিবন্ধনকে জটিল করে তুলতে পারে।
রেয়াল মাদ্রিদ এই আইনি বিরোধ সম্পর্কে অবগত ছিল না এবং তারা এর সঙ্গে জড়িত নয় বলে মনে করে ইউরোপের সফলতম ক্লাবটি।
স্প্যানিশ জায়ান্টরা আত্মবিশ্বাসী যে, বিষয়টি শেষ পর্যন্ত তাদের পক্ষেই নিষ্পত্তি হবে। কিন্তু আপাতত ফিফা অভিযোগটি পর্যালোচনা করা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।
একটি সম্ভাব্য সমাধান হতে পারে, ফিফা ডিওমান্ডেকে একটি অস্থায়ী নিবন্ধন দেবে। যার ফলে এজেন্ট কমিশন সংক্রান্ত বিবাদ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি খেলার সুযোগ পাবেন।
এএস এর প্রতিবেদন অনুযায়ী, দলবদল সংক্রান্ত বাকি সবকিছুই ইতোমধ্যে প্রস্তুত। লাইপজিগের সঙ্গে দলবদলের চুক্তি সম্পন্ন হয়েছে এবং অর্থ প্রদানের কাঠামো নিয়েও উভয় ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে।
তাছাড়া রেয়াল মাদ্রিদের সঙ্গে ডিওমান্ডের দীর্ঘমেয়াদী চুক্তিও চূড়ান্ত করা হয়েছে এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রয়েছে।
এখন একমাত্র বাধা হলো ফিফার অনুমোদন।
অভিযোগ পর্যালোচনা করছে ফিফা
ফুটবল এজেন্ট এবং প্রতিনিধিত্ব চুক্তিগুলো ফিফা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এবং বর্তমানে অভিযোগটি খতিয়ে দেখছে তারা।
কিছু ক্ষেত্রে এজেন্টদের মধ্যে বিবাদের কারণে আন্তর্জাতিক দলবদল সনদ (আইটিসি) প্রদান বিলম্বিত হতে পারে বা এমনকি বাধাগ্রস্তও হতে পারে।
সঠিক এজেন্ট যেন দলবদলের কমিশন পায়, তা নিশ্চিত করার জন্য ক্লাবগুলোরও একটি জোরাল ভূমিকা থাকে, কারণ ভুল প্রতিনিধিকে অর্থ প্রদান করলে ক্লাবের শাস্তি হতে পারে।
তবে ফিফা সাধারণত খেলোয়াড়ের খেলার অধিকারকে অগ্রাধিকার দেয়। এমনকি চুক্তির বিষয়ে বিরোধ থাকলেও, নিয়ন্ত্রক সংস্থাটি প্রায়ই খেলোয়াড়দের তাদের নতুন ক্লাবে নিবন্ধন করার অনুমতি দেয়।
বিবাদের উৎস
ডিওমান্ডের উত্থানে মাক্সিদেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই এজেন্সি গত বছর স্প্যানিশ ক্লাব লেগানেস থেকে তার লাইপজিগে দলবদলের ব্যবস্থা করে দেয়।
এই বছরের শুরুতে ডিওমান্ডে তার প্রতিনিধি পরিবর্তন করে ফুটবলের প্রভাবশালী এজেন্সি রক নেশনে যোগ দেওয়ার পর এই বিবাদ শুরু হয়।
বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর ছুটি কাটাতে ডিওমান্ডে যুক্তরাষ্ট্রে থেকে যান এবং নিউ ইয়র্কে রক নেশনের সদর দফতর পরিদর্শন করেন।
রক নেশন ডিওমান্ডের দলবদল নিয়ে রেয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনার বিষয়টি সামলায়। আপাতত ক্লাব ও খেলোয়াড় উভয়েই ফিফার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে, যাতে দুই এজেন্সির চলমান বিরোধ নিষ্পত্তির পর দলবদল আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা যায়।
