ভিক্তোরিয়ার বিপক্ষে নেই লেভানদোভস্কি
পিঠের সমস্যায় ভুগছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার।
চ্যাম্পিয়ন্স লিগে ভিক্তোরিয়া প্লাজেনের বিপক্ষে বার্সেলোনার নিয়মরক্ষার ম্যাচে খেলা হচ্ছে না রবের্ত লেভানদোভস্কির। পোলিশ তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
ভিক্তোরিয়ার মাঠে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। আগের দিন বিবৃতি দিয়ে বার্সেলোনা জানায়, পিঠের সমস্যায় ভুগছেন লেভানদোভস্কি।
লা লিগায় গত শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে দলের ১-০ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে ছিলেন লেভানদোভস্কি। যোগ করা সময়ে গোলটি করেন তিনিই।
গত গ্রীষ্মের দলবদলে বায়ার্ন মিউনিখ থেকে কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে দারুণ ছন্দে আছেন লেভানদোভস্কি। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে ১৮ গোল করেছেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বার্সেলোনার বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। ভিক্তোরিয়ার বিপক্ষে শুরুটা জয় দিয়ে করলেও এরপর দিক হারায় তারা। পরবর্তীতে চার ম্যাচের তিনটিতে হারে শাভি এরনান্দেসের দল, ড্র করে অন্যটি।
এই গ্রুপ থেকে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে বায়ার্ন ও ইন্টার মিলান।
