‘লড়াই করেই খেলতে হবে’, গারনাচো-দিবালাদের আর্জেন্টিনা কোচ
আর্জেন্টিনা দলে খেলতে হলে প্রতিনিয়ত প্রতিযোগিতার মধ্যেই থাকতে হবে, ফুটবলারদের এই পরিষ্কার বার্তা দিয়ে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।
দুটি ভিন্ন কারণে নেই দুই বড় তারকা লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া। তবু পারফরম্যান্সে ভাটা পড়েনি আর্জেন্টিনার। তাদের অনুপস্থিতিতে চিলির বিপক্ষে সহজ জয়ই পেল বিশ্ব চ্যাম্পিয়নরা। এর পেছনে দলের সবার মধ্যে লড়াকু মনোভাবের কথা বললেন কোচ লিওনেল স্কালোনি।
গত কয়েক বছর আর্জেন্টিনার শুরুর একাদশে নিয়মিত জায়গা পেতে বেশ বেগ পেতে হচ্ছে পাওলো দিবালার। বেশিরভাগ সময়ই তাকে খেলতে হচ্ছে বদলি হিসেবে। এমনকি চোটের কারণে মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি পেলেও, চিলির বিপক্ষে মাঠে নামার জন্য ৭৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তার।
দিবালার মতোই ৭৮তম মিনিটে বদলি নামেন আলেহান্দ্রো গারনাচো। দুজনের যুগলবন্দীতে ম্যাচের তৃতীয় গোলটি করে আর্জেন্টিনা। এর আগে জালের দেখা পান আলেক্সিস মাক-আলিস্তের ও হুলিয়ান আলভারেস। বাংলাদেশ সময় শুক্রবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।
গত জুলাইয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর এটিই ছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ। দারুণ পারফরম্যান্সে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করে সংবাদ সম্মেলনে দলের ফুটবলারদের মধ্যে থাকা সুস্থ প্রতিযোগিতার কথা বলেন স্কালোনি।
“আমরা প্রতিযোগিতার মাধ্যমেই দলকে উজ্জীবিত রাখি। তাদেরকে এটি বোঝানো কঠিন নয় যে, লড়াই করেই খেলতে হবে। কারণ অন্যথায় অন্যরা তাদের জায়গা নিয়ে নেবে। এটিই আমাদের মন্ত্র। আমি মনে করি, আর্জেন্টিনার মতো দল যেখানে (ফুটবলার) বাছাইয়ের সুযোগ আছে, সেখানে এমনই হওয়া উচিৎ।”
“তারা (ফুটবলাররা) এই বার্তা বুঝতে পেরেছে এবং প্রতিযোগিতা জারি রেখেছে। সম্প্রতি দলের ফলাফলও ইতিবাচক। এটিও বাড়তি সাহায্য করে। যেদিন এটি (ফল) ইতিবাচক হবে না, সেদিনও আমাদের একই থাকতে হবে।”
এরই মধ্যে অবসর নেওয়া দি মারিয়া ও শেষের বার্তা দিয়ে রাখা মেসির শূন্যস্থান পূরণে সম্ভাব্য যোগ্য ফুটবলারদের ঘুরিয়ে-ফিরিয়ে সুযোগ দেওয়ার কথাও বললেন আর্জেন্টিনা কোচ।
“এটি বোঝা জরুরি যে, জাতীয় দল চায় না কেউ নির্ভার থাকুক। যখন কোনো ফুটবলার ভালো করছে, তাকে কেন ওই জায়গায় নেওয়া হবে না যেখানে হয়তো শূন্যস্থান তৈরি হবে। লিও (লিওনেল মেসি) ছিল না, আনহেল (দি মারিয়া) থাকবে না। তাই আমাদের বিভিন্ন পজিশনে খেলোয়াড় দেখতে হবে। যতটা সম্ভব আমরা তাদের সুযোগ দেব।”
চিলির বিপক্ষে সেই সুযোগটি পান গারনাচো। ৭৮তম মিনিটে বদলি নেমে সব মিলিয়ে ১৫ মিনিটের মতো মাঠে থেকে নিজের পারফরম্যান্সে কোচের প্রশংসা কুড়ান ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড।
