২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সৌদিতে অনেক ফুটবলার ‘অসন্তুষ্ট’, বললেন রোনালদোর আল নাস্‌র সতীর্থ

সৌদি আরবে কাজের শর্ত ও প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় বলেও অভিযোগ করেছেন এমেরিক লাপোর্ত।

সৌদিতে অনেক ফুটবলার ‘অসন্তুষ্ট’, বললেন রোনালদোর আল নাস্‌র সতীর্থ

এমেরিক লাপোর্ত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2024, 11:41 PM

Updated : 21 Jan 2024, 12:15 AM

ইউরোপের খেলোয়াড়দের জন্য সৌদি আরবের ক্লাব ফুটবলে মানিয়ে নেওয়াটা কঠিন বলে মনে হচ্ছে এমেরিক লাপোর্তের। অনেক ফুটবলার সেখানে ‘সুখে নেই’ বলেও দাবি করেছেন আল নাস্‌রের এই স্প্যানিশ ডিফেন্ডার। 

গত বছরের অগাস্টে ম্যানচেস্টার সিটি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল নাস্‌রে যোগ দেন লাপোর্ত। সেখানে তিনি সতীর্থ হিসেবে পান পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে। 

এক বছর ধরে আল নাস্‌রে খেলা রোনালদো শুক্রবার গ্লোব সকার অ্যাওয়ার্ডসে বলেন, ফরাসি লিগের চেয়েও অনেক ‘বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ সৌদি লিগ। তবে তার সতীর্থ লাপোর্তের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এ শনিবার প্রকাশিত সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী ফুটবলার অভিযোগ করেন, সৌদিতে ঠিকমতো যত্ন নেওয়া হয় না খেলোয়াড়দের। 

“ইউরোপের তুলনায় এখানে পার্থক্যটা বড়, কিন্তু শেষ পর্যন্ত মানিয়ে নেওয়াটাই আসল ব্যাপার। তারা আমাদের জন্য বিষয়টি সহজ করে তোলেনি। এতে অনেক খেলোয়াড়ই আছে যারা অসন্তুষ্ট। তারা আমাদের যত্ন নেয়, কিন্তু আমার মতে তা যথেষ্ট নয়।” 

"আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। অন্যদের অভিজ্ঞতা কেমন, তা জানি না। আমার দিক থেকে আমি যা দেখেছি তা হলো, তারা আপনাকে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু এরপর এখানে প্রতিদিনের যে জীবন, সেটা অন্যরকম।” 

মাত্র ছয় মাসেই সৌদি আরবের ক্লাব আল ইত্তিফাক ছেড়ে জর্ডান হেন্ডারসনের ডাচ ক্লাব আয়াক্সে যোগ দেওয়ার দুই দিন পরই এলো লাপোর্তের এই মন্তব্য। ইএসপিএন-এর খবর, ফরাসি তারকা বেনজেমাও তার ক্লাব আল ইত্তিহাদে খুশি নন এবং জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ক্লাব ছাড়ার কথা ভাবছেন তিনি। 

ম্যানচেস্টার সিটির হয়ে গত মৌসুমে ট্রেবলসহ পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপা জেতা লাপোর্তের মতে, সৌদি আরবে কাজের সংস্কৃতি ইউরোপের মতো নয়। সেখানে কাজের শর্ত এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় বলেও অভিযোগ তার। 

"আপনি তাদের কোনো আল্টিমেটাম দিলেও, সেটা তাদের কাছে কোনো ব্যাপার নয়…আপনি আলোচনা করবেন, তারপর চুক্তি করবেন, কিন্তু এরপর তারা তা খুব একটা আমলে নেয় না।”

“সত্যি বলতে, আমাদের মধ্যে অনেকেই এখানে শুধু ফুটবলের জন্য আসেনি। অনেকেই এই (আর্থিক লাভ) দিকটি নিয়ে খুশি। কিন্তু এর বাইরেও আমি এমন কিছু খুঁজছি, যা আর্থিক নয়। জীবনের মানের দিক থেকে আমি ভিন্ন কিছু আশা করেছিলাম, কারণ শেষ পর্যন্ত এখানে তিন ঘন্টা গাড়িতে সময় পার করতে হয়। রিয়াদে যানজটের কারণে গাড়িতে অনেকটা সময় বসে থাকতে হয়।” 

ক্লাব ছাড়ার কথা ভাবছেন কি-না, এমন প্রশ্নে লাপোর্ত বলেন, এই বিষয়ে এখনও তিনি কিছু মনস্থির করেননি। তবে পরিস্থিতির পরিবর্তন না হলে ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নিতেও পারেন বলে জানান তিনি। 

লাপোর্ত ছাড়াও গত গ্রীষ্মের দলবদলে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি আরবের লিগে নাম লেখান করিম বেনজেমা, নেইমার, এনগোলো কঁতে, রবের্তো ফিরমিনো, সাদিও মানে, এদুয়ার্দো মঁদিসহ আরও বেশ কজন ফুটবলার।