মাঠে অসদাচরণের জন্য নিষিদ্ধ যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ৪ ফুটবলার
জরিমানা করা হয়েছে দুই দেশের ফুটবল ফেডারেশনকে।
কনকাকাফ নেশন্স লিগের সেমি-ফাইনালে মাঠে অসদাচরণের জন্য শাস্তি পেলেন যুক্তরাষ্ট্রের সের্জিনো দেস্ত, ওয়েস্টন ম্যাককেনি এবং মেক্সিকোর সেসার মন্তেস ও জেরার্দো আর্তেগা।
লাল কার্ডের জন্য স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন চার জনই। সেটি সহ ম্যাককেনি ও মন্তেসকে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। আর দেস্ত ও আর্তেগা নিষিদ্ধ হয়েছেন ৩ ম্যাচের জন্য।
কনকাকাফ গত শুক্রবার এক বিবৃতিতে শাস্তির বিষয়টি জানায়।
গত ১৬ জুন হওয়া সেমি-ফাইনালের লড়াইয়ের দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে লাল কার্ড দেখেন মন্তেস। হাতাহাতিতে জড়িয়ে পড়ায় এর দুই মিনিট পর ম্যাককেনি লাল কার্ড দেখলে যুক্তরাষ্ট্রও ১০ জনের দলে পরিণত হয়।
এর খানিক পর সবকিছু আরও খারাপ হতে থাকে। মাঠে আরেকটি ঘটনাকে কেন্দ্র করে লাল কার্ড দেখানো হয় দেস্ত ও আর্তেগাকে। গ্যালারিতে সমকামী বিরোধী স্লোগানের কারণে কিছুটা সময় বন্ধও রাখা হয় ম্যাচ।
ম্যাচটি ৩-০ গোলে জিতে শিরোপা লড়াইয়ের টিকেট কাটে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার ফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির চ্যাম্পিয়ন হয় তারা।
আসছে গোল্ড কাপের জন্য যুক্তরাষ্ট্রের স্কোয়াডে জায়গা হয়নি দেস্ত ও ম্যাককেনির। তবে মেক্সিকো দলে আছেন মন্তেস ও আর্তেগা।
দেস্ত ও ম্যাককেনির নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের আসছে ম্যাচগুলোতে কার্যকর হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়।
ওই ঘটনার জন্য দুই দেশের ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছে কনকাকাফ। ভবিষ্যতে এমন কিছু হলে কঠোর শাস্তির ব্যাপারে সতর্ক করা হয়েছে তাদের।
