Published : 07 Aug 2025, 07:57 PM
পিএসজির হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে অনুমিতভাবে ব্যালন দ’রের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন উসমান দেম্বেলে। বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার জয়ের লড়াইয়ে আছেন মৌসুমজুড়ে আলোচনায় থাকা বার্সেলোনার দুই তারকা লামিনে ইয়ামাল ও রাফিনিয়াও।
ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর পুরস্কার ব্যালন দ’র ২০২৫ এর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার।
গতবারের মতো এই বছরও সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। মেসি ব্যালন দ’র জিতেছেন রেকর্ড আটবার, দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার রোনালদো।
এবার পুরস্কারটি জয়ে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে দেম্বেলেকে। গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ, লিগ আঁ ও ফরাসি কাপ জয়ে বড় অবদান রাখেন তিনি। এছাড়া এক ম্যাচের শিরোপা লড়াই ফরাসি সুপার কাপেও জয়সূচক একমাত্র গোলটি করেন ফ্রান্সের এই ফরোয়ার্ড।
প্রথমবারের মতো পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আসরে ৮টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন তিনি ৫৩ ম্যাচ খেলে। সরাসরি গোলে সহায়তা করেন ১৬টিতে।
গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, কোপা দেল ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান ছিল রাফিনিয়ার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচে ৩৪ গোল করার পাশাপাশি সহায়তা করেন তিনি ২৫ গোলে।
বার্সেলোনার বিধ্বংসী আক্রমণভাগের আরেক সদস্য ইয়ামালও চোখধাঁধানো পারফরম্যান্স উপহার দেন মৌসুমজুড়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেন তরুণ স্প্যানিশ তারকা।
গতবারের বিজয়ী রদ্রি এবার সংক্ষিপ্ত তালিকায় নেই। হাঁটুর গুরুতর চোটে মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।
আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে জমকালো অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ব্যালন দ’র জয়ী নির্বাচিত হয় সাংবাদিকদের ভোটে।
ব্যালন দ’রের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা:
উসমান দেম্বেলে (পিএসজি), জানলুইজি দোন্নারুম্মা (পিএসজি ), জুড বেলিংহ্যাম (রেয়াল মাদ্রিদ), দিজিরে দুয়ে (পিএসজি), ডেনজেল ডামফ্রিস (ইন্টার মিলান), সেরহু গিরাসি (বরুশিয়া ডর্টমুন্ড), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি), ভিক্তর ইয়োকেরেশ (আর্সেনাল), আশরাফ হাকিমি (পিএসজি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), খাভিচা কাভারাৎস্খেলিয়া (পিএসজি), রবের্ত লেভানদোভস্কি (বার্সেলোনা), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), স্কট ম্যাকটমিনে (নাপোলি), কিলিয়ান এমবাপে (রেয়াল মাদ্রিদ), নুনো মেন্দেস (পিএসজি), জোয়াও নেভেস (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), কোল পালমার (চেলসি), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ), রাফিনিয়া (বার্সেলোনা), ডেকলান রাইস (আর্সেনাল), ফাবিয়ান রুইস (পিএসজি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), ভিনিসিউস জুনিয়র (রেয়াল মাদ্রিদ), মোহামেদ সালাহ (লিভারপুল), ফ্লোহিয়ান ভিয়েৎস (লিভারপুল), ভিতিনিয়া (পিএসজি), লামিনে ইয়ামাল (বার্সেলোনা)