জার্মানিতে জিমিদের জন্য ১৬টি প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা গেরহার্ডের
হাতে সময় কম থাকায়, দ্রুত দল চূড়ান্ত করে জার্মানিতে ক্যাম্প শুরু করতে চান কোচ।
মনোবিদের সাথে ক্লাসের পর, মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হকি দল অনুশীলন করল পিটার গেরহাডের কোচিংয়ে। আসছে এশিয়ান গেমসের আগে প্রস্তুতি ঝালিয়ে নিতে জার্মানিতে ১৬টি ম্যাচ খেলার পরিকল্পনা জানালেন এই জার্মান কোচ।
এদিন সবার বাড়তি দৃষ্টি ছিল রাসেল মাহমুদ জিমির দিকেও। ১৭ মাস পর জাতীয় দলে ফিরেছেন ৩৯ বছর বয়সী তারকা ফরোয়ার্ড। গত বছর ফেব্রুয়ারিতে এএইচএফ কাপের দলে ছিলেন না তিনি। বয়সের কারণে পড়েছিলেন বাদ। লম্বা সময় পর দলে ফিরে জিমি প্রতিশ্রুতি দিলেন, পঞ্চম এশিয়ান গেমস খেলতে প্রস্তুতিতে নিজের সবটুকু দিবেন তিনি।
আগামী সেপ্টেম্বরে জাপানে শুরু হবে এশিয়ান গেমস। সবকিছু গুছিয়ে নিতে গেরহার্ডের হাতে সময় বেশি নেই। তবে, এই অল্প সময়ে ‘অসম্ভবকে সম্ভব’ করতে চান তিনি। দ্রুতই দল চূড়ান্ত করে ক্যাম্প শুরু করতে চান জার্মানিতে।
“আমাদের এই ক্যাম্পে জার্মানির শীর্ষ দলগুলোর বিপক্ষে প্রায় ১৬টির মতো ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে, এমনকি এর মধ্যে জার্মান চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধেও আমরা ম্যাচ খেলব।
“এই ম্যাচগুলোতে আমরা নিজেদের খেলার মান উন্নত করব এবং তাদের কাছ থেকে শিখতে পারব। ইউরোপীয় হকি খেলার ধরন সম্পূর্ণ ভিন্ন। আমি আশা করি, আমাদের দলটি ইউরোপীয় ধাঁচে খেলা রপ্ত করতে পারবে এবং এটি সম্ভব হলে এশিয়ান গেমসে এশিয়ার অন্য দলগুলো আমাদের বিপক্ষে খেলতে গিয়ে বেশ চাপে পড়বে।"
দলে জায়গা পাওয়ার ‘চাপ’ কিছুটা হলেও অনুভব করছেন জিমি। নতুনদের মধ্যে দারুণ সম্ভাবনা দেখছেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। তবে, দুইশ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক ছুঁতে মুখিয়ে আছেন তিনি।
“সবারই একটা স্বপ্ন থাকে একটা লক্ষ্য অর্জন করার, একটা লক্ষ্যে পৌঁছানোর। তো আমার ১৯৪টা ম্যাচ ইতোমধ্যে হয়েছে, আরও ৬ টা খেলার ইচ্ছা ছিল। তো এখনও এই সুযোগটা আছে। যদি কোচ মনে করেন যে, আমি আমার ফিটনেস (ঠিক আছে), আমার খেলার মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমি খেলতে পারব। তো আশা রাখি, আমি আমার ১০০% চেষ্টা করব, বাকিটা কোচের পরিকল্পনা এবং তার সিদ্ধান্তের ওপর।”
