২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের দাবি-দাওয়া শুনে ‘বিব্রত’ হয়েছেন সালাউদ্দিন

বেতন বৃদ্ধি, উন্নতমানের খাবার এবং মানসম্পন্ন বুট বাফুফে সভাপতির কাছে চেয়েছে মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2023, 07:54 PM

Updated : 19 Feb 2023, 07:54 PM

ইদানিং দেশের ফুটবলে সাফল্যের গল্প লিখছে কেবল মেয়েরাই। গত বছর মেয়েরা জিতেছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফি। কদিন আগে বরাবরের ধারাবাহিকতায় পেয়েছে বয়সভিত্তিক সাফে সাফল্যও। কিন্তু তাদের বেতন আহামরী নয়, জনপ্রতি প্রতিদিনের খাবারের বরাদ্দও মাত্র ৭শ টাকা। মানসম্পন্ন বুটও নেই! মেয়েদের এই দাবি-দাওয়াগুলো শুনে লজ্জা পাওয়ার কথা অকপটে বললেন কাজী সালাউদ্দিন। চাওয়া পূরণের প্রতিশ্রুতিও দিলেন বাংলাদেশ ফুটবলের নিয়ন্তা সংস্থাটির সভাপতি। 

বাফুফে ভবনে রোববার গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসেন সালাউদ্দিন। সাম্প্রতিক সময়ে বাফুফের চার অফিসিয়ালের ফিফার অফিসে গমন, সুপার কাপের ঝুলে যাওয়া, মার্চের ফিফা উইন্ডোতে ব্রুনাই দারুস সালাম ও সিশেলসকে নিয়ে তিন জাতি সিরিজ আয়োজনসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। 

আলোচনায় ছিল কদিন আগে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী মেয়েদের দাবি-দাওয়ার প্রসঙ্গও। রিপা-শামসুন্নাহারদের মুখ থেকে খুবই মৌলিক চাওয়াগুলো শুনে বিব্রত বোধ করার কথাও জানালেন সালাউদ্দিন।

“মেয়েদের কিছু চাওয়া আছে। ওদের সঙ্গে বসেছিলাম। ওরা আমার কাছে কিছু জিনিস চেয়েছে, যেহেতু অ্যাবসুলিউটলি লিগ্যাল। এমন কিছু জিনিস চেয়েছে, যেটা শুনতেই আমার লজ্জা লেগেছে। ওদেরকে আমরা অ্যালাউন্স দেই ১০ হাজার টাকা, ৬০-৭০ জনকে এটা দিতেই আমার জান বের হয়ে যেত। ওরা চেয়েছে ৫০ হাজার টাকা।” 

“ওরা আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ম্যাচ ফি চেয়েছে, যেটা ওদের নাই, সেটা প্রায় ১০০ ডলার করে। ওদের খাওয়ার সমস্যা হচ্ছে, আমরা দিন প্রতি ৭০০ টাকার খাবার দেই, ওইটা ওদের পোষাচ্ছে না। শক্তি সঞ্চয়ের জন্য ওদের আরও খাবার দরকার। ওরা যে খাবার খেয়ে চায়, তা দিতে ১১শ থেকে ১২ টাকা লাগবে। তারা ভালো মানের বুট চায়।” 

ছেলেদের ফুটবলের সবশেষ সাফল্য খুঁজে পেতে হলে লাগবে আতশী কাঁচ। সেই ২০০৩ সালে সাফের শিরোপা জেতা এবং পরের আসরে ফাইনাল খেলা ছাড়া ফুটবলের আঞ্চলিক শ্রেষ্ঠত্বের আসরে নেই কোনো প্রাপ্তির গল্প। বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে ছেলেরা একেবারেই পেছনের বেঞ্চের ছাত্র, ১৯২তম!

তুলনায় মেয়েরা বয়সভিত্তিক পর্যায়ে সাফল্য পাচ্ছে দীর্ঘদিন ধরে। সবশেষ গত বছর সেপ্টেম্বরে নেপাল থেকে সিনিয়র সাফের ট্রফি নিয়ে দেশে ফিরেছে মেয়েরা। কদিন আগে জিতেছে প্রথমবারের মতো হওয়া সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা। 

ওই সাফল্যের পর মেয়েরা জানিয়েছেন তাদের চাওয়াগুলো। সেগুলো পূরণ করা নিয়ে বলতে গিয়ে বরাবরের মতো আর্থিক সমস্যার কথা পেড়ে বসলেন সালাউদ্দিন। তবে তাদের অন্যান্য মৌলিক চাহিদাগুলো পূরণের পাশাপাশি বেতন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানালেন সভাপতি। 

“ওরা যে চাওয়া জানিয়েছে, সেগুলো অ্যাবসুলিউটলি পারফেক্ট, বেতনটা ৫০ না হোক, ৩০-৪০ যাই করেন…ম্যাচ ফি, বুট, খাবার এগুলো অবশ্যই দিতে হবে। এ জিনিসগুলো আমরা পাইনি, কিন্তু এর মানে এই নয় যে, আমি থাকতে ওরা পাবে না। এই বিষয়গুলো নিয়ে কাজ করছি।” 

“আমি যখন ডিপিপি (ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রোপোজাল) পাঠালাম, তখন খুব আশাবাদী ছিলাম, কিন্তু সেটা অর্থ মন্ত্রণালয়ে পড়ে রয়েছে। এটা আমি বের করতে পারছি না। তবে আমি চেষ্টা করছি অন্যভাবে এগুলো জোগাড় করতে। ক্যাটাগরি অনুযায়ী মেয়েদের বেতন ঠিক করা হবে, সর্বোচ্চ স্যালারি হবে ৪০ হাজার টাকা।”