২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে উড়ে গেল বাংলাদেশ

বিশ্বকাপের চার বারের চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে প্লে-অফ সিরিজের তৃতীয় ম্যাচেও লড়াই জমাতে পারেনি বাংলাদেশ।

শেষ ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে উড়ে গেল বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচেও কোনো প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 06:32 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ প্লে-অফ সিরিজের শুরুর দুই ম্যাচে যা একটু প্রতিরোধ আশরাফুল-রেজাউলরা গড়ার চেষ্টা করেছিলেন, শেষ ম্যাচে দেখা গেল না সেটাও। চার কোয়ার্টারে তাই মুড়ি-মুড়কির মতো গোল হজম করল বাংলাদেশ। তিন ম্যাচের সবগুলোতে বড় ব্যবধানে হারল দল।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার বিশ্বকাপের বাছাইয়ের ওঠার প্লে-অফ সিরিজের শেষ ম্যাচে ১০-৩ গোলে হেরেছে বাংলাদেশ। 

পাকিস্তানের জয়ে ‘ডাবল হ্যাটট্রিক’ করেছেন সুফিয়ান খান। অষ্টম মিনিটে ব্যক্তিগত গোলের খাতা খেলার পর দশম ও ১৬তম মিনিটের লক্ষ্যভেদে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। পরে ২৯, ৩৪ ও ৫৭তম মিনিটে করেন আরও তিন গোল।

আগের দুই ম্যাচে যথাক্রমে ৮-২ ও ৮-০ ব্যবধানে জিতে আগামী বছর নেদারল্যান্ডসে হতে যাওয়া বিশ্বকাপ হকির বাছাইয়ে খেলার টিকেট নিশ্চিত করেছিল পাকিস্তান। চারবারের বিশ্বসেরারা টানা তিন ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে উঠল বাছাইয়ের মঞ্চে।

টানা চার গোল হজমের পর মোহাম্মদ আব্দুল্লাহর ফিল্ড গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। কিন্তু এরপর টানা তিন গোল খেয়ে ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়ে যায় স্বাগতিকদের। ৪৪তম মিনিটে রকিবুল হাসান ও ৫৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে মোহাম্মদ আশরাফুলের গোল কেবল বাংলাদেশের হারের ব্যবধানই কমিয়েছে।