২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেন শিবির ছেড়ে আর্সেনালে সুবিমেন্দি

এবারের আন্তর্জাতিক বিরতিতে এই নিয়ে আর্সেনালের ১০ জন খেলোয়াড় নিজ নিজ জাতীয় দল ছেড়ে আসতে বাধ্য হলেন।

স্পেন শিবির ছেড়ে আর্সেনালে সুবিমেন্দি
ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2026, 07:50 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে মাঝমাঠে শক্তি হারাল স্পেন। হাঁটুর ব্যথায় জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মার্তিন সুবিমেন্দি।

এবারের আন্তর্জাতিক বিরতিতে এই নিয়ে আর্সেনালের ১০ জন খেলোয়াড় নিজ নিজ জাতীয় দলের দায়িত্ব ছাড়তে বাধ্য হলেন।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন রোববার ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার খবরটি নিশ্চিত করে। গত শুক্রবার সার্বিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের প্রীতি ম্যাচে বদলি নেমে ১৩ মিনিট খেলেন সুবিমেন্দি। তবে ম্যাচ শেষে পায়ে অস্বস্তিবোধ করছেন বলে জানান তিনি।

স্প্যানিশ ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, বড় কোনো চোট শঙ্কা এড়াতেই সুবিমেন্দিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তর আমেরিকা বিশ্বকাপের প্রস্তুতিপর্বে মঙ্গলবার মিশরের মুখোমুখি হবে স্পেন। বার্সেলোনায় বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

জাতীয় দল থেকে আন্তর্জাতিক বিরতির মাঝপথে আর্সেনালে ফেরা খেলোয়াড়দের তালিকাটা বেশ লম্বা। এর আগে গত সপ্তাহান্তে ফিরে আসেন ইংল্যান্ডের তিন খেলোয়াড় বুকায়ো সাকা, ডেক্লান রাইস, ননি মাদুয়েকে ও একুয়েডরের ডিফেন্ডার পিয়েরো ইনকাপিয়া। 

উরুগুয়ের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে আঘাত পান মাদুয়েকে। আর সাকা ও রাইসের ফিরে আসার কারণ হিসেবে টানা সূচিতে তাদের শারীরিক অবস্থা মূল্যায়নের কথা বলা হয়েছে।

আর ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিবা, ব্রাজিলের ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস, ডাচ ফুল-ব্যাক ইউরিয়েন টিম্বার, বেলজিয়ান ফরোয়ার্ড লেয়ান্ড্রো ট্রসাড ও ইংলিশ ফরোয়ার্ড এবেরেচি এজে জাতীয় দলে যোগই দেননি।

আর্সেনালের অধিনায়ক মার্টিন ওদেগোর হাঁটুর চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছেন। এই কারণে নরওয়ে দলে যোগ দেননি এই মিডফিল্ডার।