ইতালিয়ান কোচ মন্তেল্লা এখন তুর্কিদের মধ্যমণি
গত বছর হাল ধরে এবারের ইউরোয় তুরস্ককে কোয়ার্টার-ফাইনালে তোলা এই ইতালিয়ান কোচ এখন তুর্কি ফুটবলপ্রেমীদের প্রিয় হয়ে উঠেছেন।
তুরস্কের দায়িত্ব নেওয়ার এক বছরও পূর্ণ হয়নি ভিনসেনজো মন্তেল্লার। এরই মধ্যে তিনি দলটিকে তুলেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে। সামনে আছে আরও দূর যাওয়ার হাতছানি। স্বাভাবিকভাবে এই ইতালিয়ান হয়ে উঠেছেন তুরস্কের মধ্যমণি। ৫০ বছর বয়সী এই কোচকে তুর্কিদের মনে হচ্ছে ‘আপনজন।’
অস্ট্রিয়ার বিপক্ষে তুরস্কের পক্ষে বাজি ধরার লোক খুব বেশি ছিল না। কিন্তু গ্রুপ পর্বে নেদারল্যান্ডসকে হারিয়ে আসা দলটিকে শেষ ষোলোয় তুর্কিরা হারিয়ে দেয় ২-১ গোলে। ২০০৮ সালের পর প্রথমবারের মতো উঠে আসে কোয়ার্টার-ফাইনালের মঞ্চে।
বার্লিনে আগামী শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে তুরস্ক। ডাচ বাধা পেরুতে পারলে ২০০৮ সালে সেমি-ফাইনালে খেলার সাফল্যকে ছুঁয়ে ফেলবে মন্তেল্লার দল।
গত সেপ্টেম্বরে দায়িত্ব নিয়ে অল্প সময়ের মধ্যে দলকে গুছিয়ে নেওয়া মন্তেল্লাকে তাই ‘নিজেদের একজন’ ভাবতে শুরু করেছে তুরস্কের মানুষ। অস্ট্রিয়াকে হারানোর পর লাইপজিগের রাস্তায় বাঁধনহারা উল্লাসও করেছে জার্মানিতে থাকা প্রবাসী তুর্কিরা। সব মিলিয়ে কোচকে নিয়ে উচ্ছ্বাস ঝরল তুর্কি ফুটবল ফেডারেশনের সভাপতি মেহমেত বায়ুকেকসির কণ্ঠে।
“মন্তেল্লা এখন আমাদের একজন হয়ে গেছে। সবাইকে তিনি আলিঙ্গন এবং চুম্বন করছেন। তিনি আমাকে (অস্ট্রিয়া ম্যাচের পর) কষে আলিঙ্গন করার সময় বলেছেন, ‘এই জয় তুর্কি জাতি এবং বিশেষ করে আপনাকে উৎসর্গ করছি’।”
“সাড়ে আট কোটি মানুষকে খুশি করতে পেরে আমরা গর্বিত। বিশেষ করে গর্বিত প্রবাসী তুর্কিদের খুশি করতে পেরে।”
তুরস্কের আনন্দোৎসবে যোগ দিতে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান আজারবাইজানে সফর বাতিল করে নেদারল্যান্ডস ম্যাচ দেখতে জার্মানিতে আসার পরিকল্পনা করছেন বলে লিখেছে জার্মান ও টার্কিশ গণমাধ্যম।
১৬ বছর আগে ইউরোর আঙিনায় পাওয়া সেরা সাফল্য ছুঁতে উন্মুখ থাকার কথা বলেছেন খেলোয়াড়রা। মেহমেতও বললেন, আগামী প্রজন্মের কাছে নিজেদের গল্প বলার সুযোগ এবার লুফে নিতে হবে দেমিরালদের।
“এই টুর্নামেন্টের শুরুতে আমি খেলোয়াড়দের বলেছিলাম, ২০০২ বিশ্বকাপ, ২০০৮ ইউরো নিয়ে অনেক বছর কথা হয়েছে। এই টুর্নামেন্টে তোমাদের বাচ্চাদের কাছে বলার মতো গল্প তোমাদের লেখা উচিত।”
“এই ছেলেরা ইতিহাস লিখে চলেছে এবং আশা করি, লেখা চালিয়ে যাবে। এই টুর্নামেন্টে আমরা যতদূর সম্ভব যাব।”
