২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ

শুরুর দিকে চোখে চোখ রেখে খেললেও শেষ পর্যন্ত শক্তিশালী জাপানকে আটকাতে পারলেন না আইরিন-শারিকরা।

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ
জাপানকে আটকে রাখতে পারেননি আইরিন-শারিকারা। ছবি: বাহফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 04:30 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

চ্যালেঞ্জার পুলের দারুণ আত্মবিশ্বাস নিয়ে দারুণ লড়াই করলেন আইরিন-শারিকারা। কিন্তু শক্তিশালী জাপানকে পারলেন না আটকাতে। উইমেন’স জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা চার জয়ের পর হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ।

হুলুনবুইর সিটিতে বৃহস্পতিবার এলিট পুলে তৃতীয় হওয়া জাপানের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ও চতুর্থ কোয়ার্টারে গোল দুটি হজম করেছে দল।

প্রথম কোয়ার্টারে জাপানের চোখে চোখ রেখে লড়াই করে বাংলাদেশ। জাল অক্ষত রেখে দ্বিতীয় কোয়ার্টার শুরু করে দল। এই কোয়ার্টারের শেষ দিকে ইয়োসিনো হিরাই পেনাল্টি স্ট্রোক থেকে এগিয়ে নেন জাপানকে। 

তৃতীয় কোয়ার্টারে দারুণ দৃঢ়তায় জাপানকে আটকে রাখে বাংলাদেশ। কিন্তু চতুর্থ ও শেষ কোয়ার্টারের শুরুতে মোমোকা সুজুকির ফিল্ড গোলে হয় ব্যবধান দ্বিগুণ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে এই আসরের চ্যালেঞ্জার পুলের খেলা শুরুর পর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ৫-১ গোলে। এরপর কাজাখস্তানকে ৪-০ ব্যবধানে এবং হংকং চায়নাকে ৬-০ গোলে হারিয়ে চ্যালেঞ্জার পুলে সেরা হয়েছিল দল।

জাপানের বিপক্ষে হেরে বাংলাদেশ এখন খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।