২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে বাজির তদন্তে আরও ২৯ জনকে আটক করার নির্দেশ

গালাতাসারাইয়ের সাবেক নির্বাহী এরদেন তিমুরসহ ২৪ জনকে ইতোমধ্যে আটক করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 07:02 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

তুরস্কের পেশাদার ফুটবলে বাজির তদন্তের জন্য আরও ২৯ জনকে আটক করার নির্দেশ দিয়েছেন প্রসিকিউটররা। এদের মধ্যে আছেন গালাতাসারাইয়ের একজন সাবেক নির্বাহীও। 

এনটিভিসহ তুরস্কের বিভিন্ন গণমাধ্যম শুক্রবার এই খবর দিয়েছে। প্রসিকিউটরদের অফিস থেকে পাঠানো এক বিবৃতির সূত্র ধরে এনটিভি বলেছেন, ২৯ জনের ২৪ জনকে এরই মধ্যে আটক করা হয়েছে। তাদের মধ্যে আছেন গালাতাসারাইয়ের সাবেক নির্বাহী এর্দেন টিমুরও। 

গালাতাসারাই ও টিমুরের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বাকি পাঁচ জনের একজন জেলে আছেন, অন্যদের খোঁজ চলছে। 

এনটিভির প্রতিবেদনে কারো নাম প্রকাশ না করে বলা হয়েছে, সন্দেহভাজনদের মধ্যে ১৪ জন তুরস্কের বিভিন্ন লিগের ফুটবলার। 

ফুটবল ম্যাচে বাজি ধরায় গত মাসে ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে নিষিদ্ধ করে তুরস্ক ফুটবল ফেডারেশন। তদন্তের পরিধি বাড়িয়ে আরও আট জনকে গ্রেপ্তার করে, এর মধ্যে আছেন শীর্ষ পর্যায়ের একটি ক্লাবের চেয়ারম্যানও। সব লিগ মিলিয়ে নিষিদ্ধ করা হয় এক হাজার ২৪ জন খেলোয়াড়কে। 

চলতি মাসের শুরুতে অভ্যন্তরীণ বাজির দায়ে খেলোয়াড়, ক্লাব সভাপতি, ধারাভাষ্যকার ও এক রেফারিসহ ৪৬ জনকে আটক করার নির্দেশ দেন প্রসিকিউটররা। পরে একটি আদালত সুপার লিগের খেলোয়াড়সহ ২০ জন সন্দেহভাজনকে বিচার শেষ না হওয়া পর্যন্ত কারাগারে পাঠায়।